চট্টগ্রামের ১৬ থানায় 'বিট পুলিশিং' চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার
চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার

সেবাকে আরও গতিশীল এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্য চট্টগ্রাম নগরে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য নগরের ১৬ থানাকে ১৪৫টি অঞ্চলে (বিটে) ভাগ করা হয়েছে। প্রতি বিটের নেতৃত্বে থাকবেন একজন উপপরিদর্শক (এসআই)। তাঁর সঙ্গে একজন এএসআইসহ আরও দুই থেকে তিনজন কনস্টেবল কাজ করবেন। তাঁরা ওই এলাকার যাবতীয় তথ্য সংগ্রহ (হালনাগাদ) করবেন। সেখানে কোনো অপরাধ ঘটলে এর তদন্ত এবং আসামি গ্রেপ্তারেও তাঁরা মুখ্য ভূমিকা রাখবেন।
গতকাল রোববার দুপুরে নগর চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেন, এলাকার জনসংখ্যা, থানার জনবল, অপরাধের মাত্রা ও টহলসুবিধার কথা বিবেচনা করে বিট ভাগ করা হয়েছে। ব্রিটিশ আমলেও পুলিশের টহল কার্যক্রম পরিচালনার জন্য শহর এলাকাকে কয়েকটি অংশে ভাগ করা হতো। বিটের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এলাকার একজন হিসেবে জনগণের কাতারে অবস্থান করে সেবা প্রদান করবেন। যেকোনো প্রয়োজনে জনগণ প্রথমেই তাঁদের সঙ্গে যোগাযোগ করে সহায়তা নেবেন।
নগর পুলিশ কমিশনার বলেন, বিট পুলিশের সদস্যরা প্রথমে একটি নাগরিক পরিচিতি ফরম নিয়ে এলাকায় ঘরে ঘরে যাবেন। আবার সপ্তাহ খানেক পর পূরণ করা ফরমটি নিয়ে আসবেন। এই ফরমে নাগরিকদের ছবিসহ যাবতীয় তথ্য থাকবে। পরে তথ্যভান্ডার তৈরি করে ব্যক্তি শনাক্তকরণ, অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। এ ছাড়া রোহিঙ্গা এবং নগরে বাস করা বিদেশি নাগরিকদের তথ্যভান্ডার তৈরি করবে পুলিশ।
মো. ইকবাল বাহার বলেন, সম্প্রতি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কিছু জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই সন্ত্রাসীরা ভাড়াটে হিসেবে কোথাও অবস্থান করে এ অপকর্ম করেছে। বাড়ির মালিক ও ভাড়াটেদের তথ্য সংগ্রহ করা গেলে প্রকৃত অপরাধীকে সহজে শনাক্ত করা যাবে। তিনি বলেন, বিট পুলিশ নিজ এলাকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, মন্দির, বস্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য থাকার ফলে দ্রুত সেবা দেওয়া এবং অপরাধ নিবারণে পুলিশের সক্ষমতা বৃদ্ধি পাবে। পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব হ্রাস পাবে। দূর হবে পুলিশভীতি।

পুলিশ কমিশনার বলেন, প্রতিটি বিট এলাকার জনগণকে নিয়ে নিয়মিত সভা করা হবে। সভায় স্থানীয় লোকজনের পরামর্শ গ্রহণ করা হবে। বিট পুলিশের সদস্যরা সংশ্লিষ্ট এলাকার মামলার তদন্ত, আসামি গ্রেপ্তার, পরোয়ানা তামিল, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারসহ যাবতীয় কাজে মুখ্য ভূমিকা রাখবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. ইকবাল বাহার বলেন, যাঁরা বিটের দায়িত্বে থাকবেন, তাঁদের অন্য মামলার তদন্ত কম দেওয়া হবে। বিট পুলিশের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য নগর পুলিশের একটি ফেসবুক পেজ খোলা হবে। এতে নগরবাসীর অভিযোগ জানাতে পারবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মাইনুল হাসান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান, নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আনোয়ার হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার নগরের ১৬ থানা ভবনকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় আওতায় আনার কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পুলিশ কমিশনার কিংবা অতিরিক্ত পুলিশ কমিশনারের কক্ষে বসে দেখা যাবে ১৬ থানার ভেতর কী হচ্ছে। এতে অপরাধ করে কোনো পুলিশ পার পাবে না। পাশাপাশি জনগণের থানায় গিয়ে পুলিশি সেবা পেতে কোনো সমস্যা হচ্ছে কি না তাও পর্যবেক্ষণ করা যাবে।