চট্টগ্রামের ১৮৭টি ইউপির নির্বাচন ৪ জুন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ১৪ উপজেলার ১৮৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ৪ জুন থেকে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। ৪ জুন সন্দ্বীপে ভোট গ্রহণের মধ্য দিয়ে জেলায় এ নির্বাচন শুরু হয়ে ৫ জুলাই বাঁশখালী ও আনোয়ারায় ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সভায় ইউপি নির্বাচনের এ সময়সূচি নির্ধারণ করা হয়। জেলা প্রশাসক মো. ফয়েজ আহম্মদের সভাপতিত্বে সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় জেলা প্রশাসক সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য ইউএনও, নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।সভা শেষে জেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, ৪ জুন থেকে পর্যায়ক্রমে সব উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪টি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে মামলা-সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন হবে না।জানা যায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সন্দ্বীপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে ও ভোট গ্রহণ ৪ জুন। সীতাকুণ্ড ও মিরসরাইয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১২ মে ও ভোট গ্রহণ ৭ জুন। ফটিকছড়িতে ১৬ মে মনোনয়নপত্র দাখিল ও ভোট গ্রহণ ১১ জুন। হাটহাজারীতে ১৯ মে মনোনয়নপত্র দাখিল ও ভোট গ্রহণ ১৪ জুন। রাউজানে ২৩ মে মনোনয়নপত্র দাখিল ও ভোট গ্রহণ ১৮ জুন। রাঙ্গুনিয়ায় ২৬ মে মনোনয়নপত্র দাখিল ও ভোট গ্রহণ ২১ জুন। বোয়ালখালী ও চন্দনাইশে ৩০ মে মনোনয়নপত্র দাখিল ও ভোট গ্রহণ ২৫ জুন। পটিয়ায় ২ জুন মনোনয়ন দাখিল ও ভোট গ্রহণ ২৮জুন। সাতকানিয়া ও লোহাগাড়ায় মনোনয়নপত্র দাখিল ৬ জুন ও ভোট গ্রহণ ২ জুলাই। সর্বশেষ আনোয়ারা ও বাঁশখালীতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ জুন ও ভোট গ্রহণ হবে ৫ জুলাই।