চট্টগ্রামের ১৯ পথে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার ও কক্সবাজার-টেকনাফ মহাসড়কসহ দক্ষিণ চট্টগ্রামের ১৯টি পথে গতকাল রোববার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। আগামী সাত দিনের মধ্যে চালক হত্যার সঙ্গে জড়িত ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা না হলে পুনরায় ধর্মঘট ডাকার হুমকি দেওয়া হয়েছে।গত শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া এলাকায় যাত্রীবেশী ডাকাতের গুলিতে তিশা পরিবহনের বাসচালক জসিম উদ্দিন নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারী ডাকাত সদস্যদের গ্রেপ্তারের দাবিতে কক্সবাজার পরিবহন শ্রমিক ইউনিয়ন সকাল-সন্ধ্যার এই ধর্মঘট আহ্বান করে।দেখা গেছে, সকাল সাতটা থেকে শ্রমিকেরা প্রধান সড়ক ও বাস টার্মিনালে খণ্ড খণ্ড মিছিল করে বাস চলাচল নিয়ন্ত্রণ করেন। তবে সকাল থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। এতে ভ্রমণে আসা পর্যটকসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। কক্সবাজার পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, সাত দিনের মধ্যে অভিযুক্ত ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা না হলে পুনরায় পরিবহন ধর্মঘট ডাকা হবে। চকরিয়া থানার উপপরিদর্শক রুহুল আমিন বলেন, গত শনিবার রাত ১০টার দিকে পুলিশ খুটাখালী গ্রামে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন, খুটাখালী ইউনিয়নের হাজীপাড়ার কামাল উদ্দিন (২৪) ও ফরেস্টারপাড়ার মফিজুর রহমান (৪৭)। তাঁরা চালক হত্যার সঙ্গে জড়িত। তবে স্থানীয় লোকজন জানান, আটক কামাল উদ্দিন লবণচাষি ও মফিজুর রহমান মুদির দোকানদার। নিহত বাসচালক জসিম উদ্দিনের ভাগনে আবু তাহের বাদী হয়ে চকরিয়া থানায় অজ্ঞাতনামা ১৯ জনের বিরুদ্ধে খুনসহ ডাকাতির অভিযোগে একটি মামলা করেন। গতকাল পর্যন্ত ডাকাত দলের কাউকে ধরতে পারেনি পুলিশ।