চট্টগ্রামের ১৯টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকা-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর মেডিসিন বিভাগের শয্যাসংখ্যা ৬৬। গতকাল শনিবার সেখানে রোগী ভর্তি ছিল ১৬৭ জন। এত বিপুলসংখ্যক রোগীকে সেবা দিচ্ছিলেন একজন মাত্র সেবিকা। ফলে রোগীদের মধ্যে কেউ ওষুধের জন্য, কেউ ইনজেকশনের জন্য, কেউবা শারীরিক অসুস্থতার জন্য ওই সেবিকার দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছিলেন। সেবিকা-সংকটের এ চিত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সব ওয়ার্ডে দেখা গিয়েছে। এ ছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ১৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই চিত্র দেখা গেছে। সব মিলিয়ে চট্টগ্রামে ৩১০ জনের মতো সেবিকা-সংকট রয়েছে। এর কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে রোগী ও চিকিৎসকদের অভিমত। খোঁজ নিয়ে জানা গেছে, সবচেয়ে সেবিকা-সংকটে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এ ক্যাম্পাসে অবস্থিত নার্সিং কলেজ বছর খানেক আগে থেকে ইনস্টিটিউট হয়ে যাওয়ার পর থেকে তাঁদের এ সংকট এখন চরম আকার ধারণ করেছে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক গত বৃহস্পতিবার সংসদেই স্বীকার করেছেন যে সারা দেশে সেবিকার তিন হাজার ২০৫টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে কেবল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেবিকার শূন্য পদ ২২০টি। ৩৩টি ওয়ার্ড, অস্ত্রোপচার কক্ষসহ মিলিয়ে মোট সেবিকা কর্মরত রয়েছেন ৩৯৬ জন। তিন পালা (বেলা) হিসেবে কাজ করতে গেলে প্রতি ওয়ার্ডে তিনজনের বেশি দেওয়া যায় না। তার ওপর প্রতিদিনই অনেকে ছুটিতে থাকেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক কাজী সফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘এক কঠিন সমস্যার মধ্যে আমরা চলছি। আগে অন্তত দৈনিক ১৫০ থেকে ২০০ নার্সিং কলেজের শিক্ষার্থীদের পাওয়া যেত। ইনস্টিটিউট হওয়ার পর থেকে তাঁদেরও পাচ্ছি না। আমরা জোড়াতালি দিয়ে চালিয়ে নিচ্ছি। সেবিকার জন্য লিখেও কোনো লাভ হচ্ছে না। কারণ, সারা দেশে সেবিকা-সংকট রয়েছে।’এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এখনো সে অনুপাতে জনবল মেলেনি। বর্তমানে এখানে ৪১ জন সেবিকা কর্মরত রয়েছেন। আরও অন্তত ২০ সেবিকার পদ আটকে রয়েছে। বিষয়টি স্বীকার করে জেলা সিভিল সার্জন আবু তৈয়ব বলেন, ‘সেবিকার জন্য চিকিৎসা দিতে সমস্যায় পড়তে হয়। কারণ, ইনজেকশন দেওয়া থেকে শুরু করে রোগীর যত্ন তাঁদের ওপর নির্ভর করে। আমরা বারবার পর্যাপ্ত সেবিকার জন্য চিঠি দিয়ে যাচ্ছি।’সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর শিশুস্বাস্থ্য ওয়ার্ডে ৬৬টি শয্যা রয়েছে। কিন্তু গড়ে প্রতিদিন এখানে ১৫০ জন রোগী ভর্তি থাকে। এত রোগীর জন্য সেবিকা রয়েছেন মাত্র চারজন। তাঁদের পালা করে কাজ করতে হয়।এ প্রসঙ্গে ওয়ার্ডের সহকারী অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ বলেন, এত রোগী। তার ওপর সেবিকা কম। সেবিকাদের অনেক দায়িত্ব। কিন্তু সংকটের কারণে তা করা যাচ্ছে না। ফলে অভিভাবকদের অভিযোগ থেকেই যাচ্ছে।