চট্টগ্রামের ৪০ যাত্রাপথে বর্ধিত ভাড়া মঙ্গলবার থেকে কার্যকর
চট্টগ্রামের ৪০টি আন্তজেলা যাত্রাপথে আগামী মঙ্গলবার থেকে সরকার-নির্ধারিত নতুন ভাড়া কার্যকর করার ঘোষণা দিয়েছেন বাসমালিকেরা। নতুন ভাড়া হিসেবে কিলোমিটারপ্রতি এক টাকা ৩৫ পয়সা আদায় করা হবে। আগে এই ভাড়া ছিল এক টাকা ২০ পয়সা।চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলার মোট ৪০টি যাত্রাপথে আন্তজেলা গণপরিবহন চলাচল করে। এসব পথের পরিবহনভাড়া বৃদ্ধির আওতায় পড়বে।গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিকপক্ষ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়।সংবাদ সম্মেলনে মালিকপক্ষের মহাসচিব মনজুরুল আলম বলেন, ‘আগামী ১০ জানুয়ারি থেকে সরকার-নির্ধারিত বর্ধিত হারে ভাড়া আদায় করা হবে। আন্তজেলার যাত্রাপথ এর আওতায় থাকবে। শহরের গণপরিবহনে এটা কার্যকর হবে না।’গত ২৯ ডিসেম্বর সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত শনিবার পরিবহন-মালিকদের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের বৈঠকে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়।রোববার এ-সংক্রান্ত গেজেট প্রকাশের পর সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছিলেন বিআরটিএর চেয়ারম্যান আইউব উর রহমান। তবে এর এক দিন পর মঙ্গলবার থেকে নতুন ভাড়া কার্যকর করা হচ্ছে। দু-এক দিনের মধ্যে আন্তজেলা যাত্রাপথের ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হবে বলে নেতারা জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের উপদেষ্টা আবুল কালাম আজাদ, সভাপতি কফিল উদ্দিন, কার্যকরী সভাপতি মোরশেদুল আলম কাদেরী, চট্টগ্রাম আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুছা প্রমুখ উপস্থিত ছিলেন।