চট্টগ্রামের ৪১ করদাতাকে সম্মাননা
চট্টগ্রামের কর প্রশাসন ৪১ জন করদাতাকে সম্মাননা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আগ্রাবাদের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বঙ্গবন্ধু হলে সর্বোচ্চ করদাতাদের হাতে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। এবারই প্রথম মহিলা ও তরুণ পুরুষ শ্রেণিতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা জানানো হয়েছে।
অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সর্বোচ্চ করদাতাদের হাতে ক্রেস্ট তুলে দেন। তিনি বলেন, কর দিতে অনেকের আগ্রহ আছে। তবে জটিলতার কারণে অনেকে ঝামেলায় পড়েন। কর দিতে এসে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন—নতুন করদাতাদের যাতে এই উপলব্ধি হয়, সে বিষয়ে কর কর্মকর্তাদের খেয়াল রাখতে হবে।
এ বছর চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ মহিলা করদাতা হিসেবে ক্রেস্ট পেয়েছেন বিএসআরএম গ্রুপের পরিচালক তাহসিন জোহায়ের তাহের আলী। তিনি বলেন, আয়কর প্রদান করা নৈতিক দায়িত্ব।
তরুণ পুরুষ শ্রেণিতে সিটি করপোরেশন কর অঞ্চলে সর্বোচ্চ করদাতা হয়েছেন খাতুনগঞ্জের শিহাব অ্যান্ড ব্রাদার্সের কর্ণধার শিহাব উদ্দিন। তিনি বলেন, এই সম্মাননা তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করবে। কর দিতে অনেকেই এগিয়ে আসবে।
কর আপিল অঞ্চলের কমিশনার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া, চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী, উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক প্রমুখ।
মহিলা ও তরুণ শ্রেণিতে সর্বোচ্চ করদাতা: এবার সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা ও ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। চট্টগ্রামের চারটি কর অঞ্চলে সর্বোচ্চ কর প্রদানকারী পাঁচজন মহিলা করদাতা হলেন বিএসআরএম গ্রুপের পরিচালক তাহসিন জোহায়ের তাহের আলী, কক্সবাজারের কামরুন নাহার, রাঙামাটির রুবি খান, বান্দরবানের কাজী কানিজ ফাতেমা, খাগড়াছড়ির সাহেদা নাসরিন চৌধুরী ও সাতকানিয়ার লুনা শ্রাবণী বড়ুয়া। তরুণ পুরুষ করদাতারা হলেন শিহাব অ্যান্ড ব্রাদার্সের কর্ণধার শিহাব উদ্দিন, আসাদ উল্লাহ, আনোয়ার হোসেন, মো. মিলন, মো আনোয়ার হোসেন ও শেখ নবী।
সর্বোচ্চ করদাতা: চারটি কর অঞ্চলে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে ১৮ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। সিটি করপোরেশন ছাড়া চট্টগ্রাম কর অঞ্চলে আবুল খায়ের গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেম ও পরিচালক শাহ শফিকুল ইসলাম এবং বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহুসাইনকে সম্মাননা দেওয়া হয়। আবুল খায়ের গ্রুপের চেয়ারম্যান ও পরিচালকের পক্ষে সম্মাননা নেন গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক সিরাজুল হক ও ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ।
সিটি করপোরেশন অঞ্চলে এ সম্মাননা পান মো. নাছির উদ্দিন, মাস্টার আবুল কাশেম ও ফারহানা মোনেম। কক্সবাজারে সর্বোচ্চ করদাতার সম্মাননা নিয়েছেন আতিকুল ইসলাম, মো. আলমগীর ও আবদুস শুক্কুর। রাঙামাটিতে সর্বোচ্চ করদাতা হয়েছেন লোকমান হোসেন তালুকদার, মো. শফিকুল ইসলাম ও তৈয়ব হোসেন মামুন। বান্দরবানে এ সম্মাননা পেয়েছেন মো. আবদুস শুক্কুর, অঞ্জন কান্তি দাশ ও মাহাবুবুর রহমান। খাগড়াছড়িতে সম্মাননা পেয়েছেন ফরিদা আক্তার, মো. দিদারুল আলম ও আবুল কাশেম ভূঁইয়া।
দীর্ঘ মেয়াদে করদাতা: দীর্ঘ সময় করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন ১১ জন। তাঁরা হলেন সিটি করপোরেশন অঞ্চলে এনামুল হক ও আহমদ হোসেন, সিটি করপোরেশন ছাড়া কর অঞ্চলে গোবিন্দ প্রসাদ দে ও বরুণ কান্তি ঘোষ, কক্সবাজারে স্বপন কুমার দাশ ও অনিল কান্তি ধর, রাঙামাটিতে জয়নাল আবেদিন, বান্দরবানে মো. আবদুস শুক্কুর ও মাহাবুবুর রহমান, খাগড়াছড়িতে রাজিয়া আক্তার ও অমল ঘোষ।