ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (আইইউবি) চট্টগ্রাম ক্যাম্পাস থেকে পাস করা ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ৪২৩ জন স্নাতক এখনো তাঁদের সনদ পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলতি ডিসেম্বরে তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু এখনো এ ব্যাপারে কাউকে কিছু জানানো হয়নি। ২০ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় প্রায় এক মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। নানা অজুহাতে গত ২০ সেপ্টেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত আইইউবির ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে এসব শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়নি। সরকারি আদেশ অনুসরণ, সম্মেলনকেন্দ্রে স্থান সংকুলানের অভাব ইত্যাদি অজুহাত দেখায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর আইইউবি চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নগরের জামালখান ক্যাম্পাসে অভিভাবকদের সভা আহ্বান করেন। সভার কার্যবিরণীতে বলা হয়, ‘নিয়ন্ত্রণবহির্ভূত পরিস্থিতির কারণে আইইউবি চট্টগ্রাম ক্যাম্পাসের স্নাতকদের ২০ সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সমাবর্তনে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। এ বছরের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে সনদ তুলে দেওয়া হবে।’এ ব্যাপারে জানতে আইইউবি চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এস এম আল হোসাইনীর মুঠোফোনে গতকাল সন্ধ্যায় একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, ‘আমরা আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জিম্মি হয়ে আছি। তারা সমাবর্তনের পরে ডিসেম্বর মাসে চট্টগ্রাম ক্যাম্পাস থেকে আনুষ্ঠানিকভাবে সনদ দেওয়ার কথা বলেছেন। অথচ এখন পর্যন্ত অনুষ্ঠানের কোনো খবর আমরা পাইনি।’আইইউবি চট্টগ্রামের স্নাতক রায়হান উদ্দিন বলেন, ‘ডিসেম্বরে সনদ দেওয়ার কথা বলা হলেও আমাদেরকে এ ব্যাপারে এখনো কোনো চিঠিপত্র দেওয়া হয়নি।’ জানা যায়, সমাবর্তন অনুষ্ঠানের জন্য আইইউবি চট্টগ্রাম ক্যাম্পাসের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ইটিই (ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ (ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) বিভাগের বিভিন্ন সেমিস্টারের ৪২৩ জন শিক্ষার্থী নির্ধারিত ছিল। এর মধ্যে ২০০৬ সালের ২১৫ জন এবং ২০০৭ সালের ১৯৮ জন স্নাতক রয়েছেন। ২০১০ সালের পর আইইউবি চট্টগ্রাম ক্যাম্পাস আলাদা হয়ে যাওয়ার পর থেকে ঢাকা ক্যাম্পাসের সঙ্গে ভর্তি ও সনদ নিয়ে নানা টানাপোড়েন দেখা দেয়।