চট্টগ্রামের ৫০ গ্রামে ঈদ আজ
দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলার ৫০ গ্রামের বাসিন্দারা আজ বৃহস্পতিবার ঈদুল ফিতর উদ্যাপন করবে। তারা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাহাঁগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফ ও সাতকানিয়া মির্জাখিল দরবারের অনুসারী। উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুই ইউনিয়নের শতাধিক পরিবারও আজ ঈদ উদ্যাপন করবে।দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর, জুনিগোনা, আব্বাস-পাড়া, মাঝেরপাড়া, স্টেশন, নতুনপাড়া, দিঘিরপাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, বরকল, মোহাম্মদপুর, বরমা, হারালা, সাতবাড়িয়া, উত্তর হাশিমপুর, সৈয়দাবাদ, খুনিয়ারপাড়া; পটিয়ার হাইদগাঁও, ফকিরপাড়া, বাহুলী, মাঝেপাড়া, কালারপুল; বাঁশখালীর জলদী, গুনাগড়ি, কালীপুর, গন্ডামারা, মিরিঞ্জিরিতলা, ছনুয়া, সাধনপুর; আনোয়ারার তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন; বোয়ালখালীর চরণদ্বীপ, খরণদ্বীপ; লোহাগাড়ার বড়হাতিয়া, আমিরাবাদ, চুনতি, পুঁটিবিলা, উত্তর সুখছড়ি, আধুনগর; সাতকানিয়ার মির্জাখিল, বাংলা-বাজার, মাইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাঠিয়াডাঙ্গা, পুরানগর, মালেয়ারায় আজ ঈদ উদ্যাপন করা হবে।সকাল নয়টায় চন্দনাইশ দরবারের ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে। জামাত পরিচালনা করবেন দরবার শরিফের পীর মাওলানা হজরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আলী (মা. জি. আ.)। সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ও বাঁশবাড়িয়া ইউনিয়নের শতাধিক পরিবার আজ বৃহস্পতিবার ঈদ পালন করবে। তারা সবাই সাতকানিয়ার মির্জাখিল গ্রামের পীর হজরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগিরির (রহ.) মুরিদ। সকাল সাড়ে আটটায় উপজেলার রহমতের পাড়া গ্রামের জাহাঁগিরিয়া জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।[প্রতিবেদন তৈরি করতে তথ্য দিয়েছেন চন্দনাইশ, পটিয়া, সাতকানিয়া, আনোয়ারা ও সীতাকুণ্ড প্রতিনিধি]