চট্টগ্রামের ৭০ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফলে ইংরেজি (ইনঅ্যাকটিভ ইংলিশ) বিষয়ে অকৃতকার্য হয়েছেন চট্টগ্রামের বিভিন্ন কলেজের প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী। বেশির ভাগ শিক্ষার্থীই ৪০ শতাংশের নিচে নম্বর পেয়েছেন বলে জানা গেছে।
এতে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ফি ৮০০ টাকা থেকে কমানো এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন। গত ৩০ অক্টোবর অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হয়।
এ প্রসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী। এখানে আমার করণীয় কিছু নেই। ইংরেজির ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। এ জন্য তাদের প্রমোশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ যত দিন থাকে, তত দিন তাঁরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী, ইংরেজি বিষয়টি আবশ্যিক হলেও এর কোনো নম্বর যোগ হয় না। তবে সনদ (সার্টিফিকেট) পাওয়ার জন্য এতে পাস করতে হয়। এ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হয়। পাসের নম্বর নির্ধারিত রয়েছে ৪০। এর আগে পাসের হার ছিল ৩৩। গত বছর থেকে গ্রেডিং পদ্ধতি অনুযায়ী পাসের হার ৪০ নির্ধারণ করা হয়।
চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহম্মদ মুহসীন কলেজ, নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের বিভিন্ন বিষয়ের অনার্স কোর্সের ইংরেজি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের অনেকেই এ ফলাফল মেনে নিতে রাজি নন। তাঁরা একে অনাকাঙ্ক্ষিত মনে করছেন। দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে সংঘবদ্ধ হচ্ছেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ করেন, ‘আমরা ইংরেজি বিষয়ের এ ফলাফল মেনে নিতে পারছি না। কারণ আমরা জানি, পরীক্ষা কেমন দিয়েছি।’
ইংরেজি বিষয়ের উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং নিরীক্ষণ ফি কমানোর দাবি জানিয়ে এই ছাত্রী আরও বলেন, ‘দাবি আদায়ে আমরা সব শিক্ষার্থী মিলে কয়েক দিনের মধ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেব।’
এদিকে ইংরেজির ফলাফল বিপর্যয় প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রামের একটি সরকারি কলেজের জ্যেষ্ঠ শিক্ষক বলেন, ‘আমাদের ধারণা, উত্তরপত্র যথাযথভাবে পরীক্ষণ হয়নি। তা না হলে এত অধিক সংখ্যক শিক্ষার্থীর ফলাফল বিপর্যয় ঘটার কথা ছিল না।’
ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বলেন, ছাত্রছাত্রীদের ইংরেজি বিষয়ে মনোযোগের অভাবেই ফলাফল বিপর্যয় ঘটেছে। অন্য কোনো বিষয় নেই এখানে। তাঁরা মনোযোগী হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।