চট্টগ্রামের ৭৮.২৮ শতাংশ বিদ্যালয় ধার করা প্রশ্নপত্র ব্যবহার করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের অধীনে থাকা ৭৮ দশমিক ২৮ ভাগ বিদ্যালয় কর্তৃপক্ষ বাইরে থেকে সংগ্রহ করা সৃজনশীল প্রশ্নপত্র ব্যবহার করে। এসব প্রশ্নপত্র বিভিন্ন শিক্ষক সমিতির কাছ থেকে কিনে নিয়ে তারা ক্লাস-পরীক্ষা নেয়। ধারণা করা হয়, ওই সব বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেরা সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারেন না বলেই এভাবে ধার করা প্রশ্নপত্রের ওপর নির্ভর করেন। মাউশির সর্বশেষ শিক্ষা পর্যবেক্ষণ প্রতিবেদনে (অ্যাকাডেমিক সুপারভিশন রিপোর্ট) এই তথ্য উঠে এসেছে। মাউশি চট্টগ্রাম অঞ্চলের অধীনে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী ও নোয়াখালী জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলো। খোঁজ নিয়ে জানা গেছে, গত নভেম্বর মাসে মাউশি দেশের তিন হাজার ৭১টি বিদ্যালয় পরিদর্শন করে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ৩৭৩টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এগুলোর মধ্যে শুধু ৫৪টি বিদ্যালয় নিজেরা সৃজনশীল প্রশ্নপত্র তৈরি করেছে। ২৯২টি বিদ্যালয় বাইরে থেকে আনা প্রশ্নপত্র ব্যবহার করেছে। আর ২৭টি বিদ্যালয়ে আংশিকভাবে তৈরি সৃজনশীল প্রশ্নপত্র ব্যবহার করে অভ্যন্তরীণ পরীক্ষা নিয়েছে।বর্তমান সরকার মুখস্থনির্ভর পড়াশোনার পরিবর্তে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাইয়ের লক্ষ্যে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করে। ইংরেজি, গণিত ও হিসাববিজ্ঞান ছাড়া মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে দশম শ্রেণী) বাকি সব কটি বিষয়েই সৃজনশীল প্রশ্নপত্র চালু রয়েছে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্পের আওতায় দেশের প্রায় সব স্কুলের শিক্ষকদের সৃজনশীল বিষয়ের ওপর একাধিক কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে এবং দিচ্ছে।মাউশির ওই প্রতিবেদনে স্কুল পরীক্ষায় বাইরে থেকে প্রশ্নপত্র সংগ্রহ নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে। এতে শিক্ষকদের সৃজনশীল প্রশ্ন তৈরিতে উৎসাহ দেওয়া ও প্রশিক্ষণ বাড়ানোর ওপর জোর দিয়ে বলা হয়, এতে করে শিক্ষকদের সক্ষমতা ও পেশাদারি বাড়বে এবং প্রশ্নের মান গতানুগতিক হবে না। চট্টগ্রামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘শিক্ষক সমিতির কাছ থেকে প্রশ্ন কেনার মানে আমাদের শিক্ষকেরা সৃজনশীল প্রশ্নপত্র তৈরি করতে পারেন না, সেটা বলাও ঠিক হবে না। দেশের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষকের মধ্যে তিন লাখ জনই প্রশিক্ষণ নিয়েছেন। এভাবে প্রশ্ন সংগ্রহ করাটা অনেকটা নিরাপদ এবং শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক বলে মনে হয়। কারণ, এসব প্রশ্ন সম্পর্কে শিক্ষার্থীদের আগে থেকে কোনো ধারণা থাকে না। কিন্তু বিদ্যালয়ের শিক্ষকদের তৈরি প্রশ্নের কথা অনেক সময় প্রাইভেট পড়া শিক্ষার্থীসহ অন্যদের জানা হয়ে যায়। সেগুলো শিখেই তারা পরীক্ষা দেয়। এতে সৃজনশীল প্রশ্নের যথার্থতা নষ্ট হয়।’ ওই শিক্ষক আরও বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের সততার মাত্রাটা না বাড়লে কোনো উন্নতি হবে না।’ মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি কিছুদিন আগে এই পদে যোগ দিয়েছি। তাই সবকিছু গুছিয়ে নিতে সময় লাগছে। প্রতিটি স্কুলের শিক্ষক যাতে নিজেরাই সৃজনশীল প্রশ্নপত্র তৈরিতে উদ্বুদ্ধ হন, সে ব্যাপারে আমি চট্টগ্রাম অঞ্চলের সাতজন জেলা শিক্ষা কর্মকর্তাকে তাঁদের কর্মপন্থা নির্ধারণ করে চিঠি পাঠাচ্ছি। আশা করছি, আগামী প্রথম সাময়িক পরীক্ষা থেকে এ চিত্র পাল্টে যাবে।’