জলাবদ্ধতা দূর করতে ৩২৪ কোটি টাকা খরচ হয়েছে ১৪ বছরে
প্রতিবছর গড়ে খরচ হয়েছে ২৩ কোটি টাকা
শাখা-প্রশাখাসহ মিলিয়ে নগরের ১১৮টি খালের মোট দৈর্ঘ্য ১৮২.২৫ কিলোমিটার
ভারী বৃষ্টি হলে ডুবে যায় নগরের অন্তত ৩০% এলাকা

খালের পানির রং কালো। এতে ভাসছে পলিথিন, আবর্জনা। খালের কোনো কোনো অংশে পানির প্রবাহ কম। সেখানে খালের ভেতরে মাটির স্তূপ জমে আছে। অবৈধ দখলদারদের ছোবলও পড়েছে কিছু অংশে। বহদ্দারহাট মোড় থেকে প্রায় ছয় কিলোমিটার পথ ঘুরে খালটি নগরের চাক্তাই এলাকায় কর্ণফুলী নদীতে মিশেছে। চট্টগ্রাম নগরের প্রধান এই খালের নাম চাক্তাই।
তলা ভরাট হয়ে যাওয়ায় প্রতি বর্ষায় এই খালের দুপাড় উপচে পানিতে তলিয়ে যায় আশপাশের এলাকা। চাক্তাই খাল এখন ‘চট্টগ্রামের দুঃখ’ হিসেবে পরিচিতি পেয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, মহিউদ্দিন চৌধুরী মেয়র থাকার সময় ২০০৩-০৪ সালে সাড়ে ৯ থেকে ১২ ফুট পর্যন্ত গভীরতা রেখে চাক্তাই খালের বেশির ভাগ অংশের তলদেশ পাকা করা হয়। কিন্তু দুই-তিন বছর পর পাহাড়ি বালু, মাটি ও আবর্জনা জমে খালটি আবার ভরাট হয়ে যায়। এরপর খনন করা হয়নি। একপর্যায়ে খালের গভীরতা দাঁড়ায় ৩ থেকে ৪ ফুটে।
চাক্তাই খালের দুপাশে ভোগ্যপণ্যের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই ও খাতুনগঞ্জ। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা ভোগ্যপণ্য ২৫-৩০ বছর আগে চাক্তাই-খাতুনগঞ্জ থেকে এই খাল দিয়ে নৌযানে করে কর্ণফুলী নদী হয়ে সারা দেশে পরিবহন করা হতো। এমনকি চাক্তাই খাল থেকে কর্ণফুলী নদী ও চানখালী খাল হয়ে সাঙ্গু নদীর মাধ্যমে বান্দরবানের থানচি ও রুমা উপজেলা পর্যন্ত নৌযানে করে পণ্য নেওয়া হতো। এখন খালের অবস্থা দেখলে এসব কথা কেউ বিশ্বাস করতে চাইবে না।
কর্ণফুলী নদীর মাঝিরা জানান, ছোট নৌযানের চলার জন্য গভীরতা দরকার কমপক্ষে ১০ ফুট। চাক্তাই খালের সর্বোচ্চ গভীরতা এখন মাত্র ৪ থেকে ৫ ফুট (কিছু অংশে)। ১৫-২০ বছর আগেও চাক্তাই-খাতুনগঞ্জের বাণিজ্যকেন্দ্রগুলোর আশপাশের খাল ব্যবহার করে প্রতিদিন ৫০টির বেশি নৌযান পণ্য আনা-নেওয়া করত বলে জানান তাঁরা।
গত ৩০ জুন ও ১ জুলাই প্রথম আলোর দুই প্রতিবেদক ছয় কিলোমিটার দীর্ঘ এই খাল ঘুরে দেখেন। এতে দেখা যায়, খালের শুরু থেকে পাঁচ কিলোমিটার এলাকা পর্যন্ত দুপাশে পাকা সীমানাদেয়াল রয়েছে। এলাকাভেদে খালের প্রস্থ কোথাও ৭০ ফুট, কোথাও ২০ ফুট। নগরের ভাঙাপুল এলাকা কর্ণফুলী নদী পর্যন্ত এক কিলোমিটার এলাকায় খালের সীমানাদেয়াল নেই। এই অংশেই দখলের পরিমাণ বেশি।
৩০ জুন সকাল ১০টায় বহদ্দারহাট মোড় থেকে খালের পাড় ধরে হেঁটে বারইপাড়া পর্যন্ত (দূরত্ব প্রায় পৌনে এক কিলোমিটার) যেতে যেতে দেখা যায়, খালের ভেতর কয়েকটি স্থানে মাটির স্তূপ। পড়ে আছে ময়লা-আবর্জনা। খালের এই অংশটুকু প্রস্থে প্রায় ৫০ ফুট। দুপাড়ে মানুষের ঘরবাড়ি। বারইপাড়ার বাসিন্দা ষাটোর্ধ্ব মো. শাহ আলম বলেন, প্রতি বর্ষায় খাল থেকে মাটি তোলা হয়। এরপরও খাল উপচে বারইপাড়া ও পাশের জঙ্গি শাহ মাজার এলাকায় পানি ঢোকে।
বারইপাড়া থেকে খালটি প্রস্থে সরু হতে থাকে। পানির প্রবাহও তুলনামূলক কম। বারইপাড়া থেকে বাদুরতলা জঙ্গিশাহ মাজার এলাকা পর্যন্ত খালের পৌনে এক কিলোমিটার অংশে দূষণের পরিমাণও বেশি। জঙ্গিশাহ মাজার থেকে প্রায় ৫০০ মিটার দূরে কাপাসগোলা যাওয়ার সময় চোখে পড়ে খালের প্রস্থ একেক জায়গায় একেক রকম। প্রস্থ যেখানে কম সেখানে খালের মধ্যে ময়লা-আবর্জনার পাশাপাশি মাটির স্তূপ জমে রয়েছে।
কাপাসগোলা এলাকায় প্রতি বর্ষায় খাল উপচে পানিতে আশপাশের এলাকা তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দা মো. ফারুক বলেন, প্রতি বর্ষায় বেশ কয়েকবার হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি ওঠে।
কাপাসগোলা থেকে চকবাজার ধুনিরপুল এলাকায় গিয়ে চাক্তাই খালের ভয়াবহ চিত্র চোখে পড়ে। ময়লা-আবর্জনার বিশাল একটি স্তূপ খালের ভেতর। এই অংশে খালের প্রস্থ ৪০ ফুটের মতো। জলাবদ্ধতা থেকে বাঁচতে ধুনিরপুল-সংলগ্ন চকবাজার কাঁচাবাজারের দোকানগুলো উঁচু করা হয়েছে। তবু নিস্তার নেই। প্রবল বৃষ্টি হলে সড়ক পানিতে থইথই করে। এ ছাড়া জোয়ারের পানিতেও সড়ক তলিয়ে যায়। বাজারের সবজি ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, বৃষ্টি বেশি হলে রাস্তায় হাঁটুপানি থাকে। তখন বেচাকেনা বন্ধ হয়ে যায়।
চকবাজার থেকে ডিসি রোডের পাশ দিয়ে চলে গেছে খালটি। ডিসি রোডে ৪০ বছরেরও বেশি সময় ধরে বাস করছেন ওষুধ দোকানি দুলাল সেন। তিনি বলেন, ডিসি রোডটি উঁচু করা হয়েছে। কিন্তু তবু বর্ষার সময় পানি ওঠে। পানির সঙ্গে খালের ময়লা-আবর্জনাও ঢোকে দোকানে।
ডিসি রোড এলাকায় খালের একপাশে ঘর তুলেছেন মো. ইউসুফ নামে এক ব্যক্তি। তাঁর ঘরের পেছনের অংশ গিয়ে পড়েছে খালের ভেতর। ঘরে গিয়ে মো. ইউসুফকে পাওয়া গেল না। ঘরে থাকা মধ্যবয়স্ক এক নারী বলেন, ‘আমরা খাল দখল করিনি।’
ডিসি রোড থেকে দেওয়ানবাজার হয়ে মাস্টারপুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা খালের পাশ দিয়ে নিরবচ্ছিন্নভাবে হাঁটার সুযোগ নেই। মাস্টারপুল থেকে খালের পাড় ধরে বউবাজার এলাকায় গিয়ে দেখা যায়, খাল আরও সরু হয়ে গেছে। এলাকার বাসিন্দা তাজুল ইসলাম বলেন, প্রতিবছর খাল খনন করা হলেও তা ঠিকমতো হয় না। তাই বর্ষায় পানি ওঠে। বউবাজার থেকে পাশের এলাকা মিয়াখান নগরপুলে গিয়ে দেখা যায়, স্থানীয় লোকজন খালের ভেতরেই ময়লা ফেলছেন। খালও এখানে সরু। এখান থেকে কিছুটা দূরে ভাঙাপুল এলাকায় গিয়ে চাক্তাই খালকে ‘সতেজ’ মনে হয়। মাটি কিংবা ময়লা-আবর্জনা নেই। পানির প্রবাহও প্রবল। খালও বেশ চওড়া। তবে ৫০০ মিটার পেরোলেই খাল আবার প্রস্থ সরু হতে থাকে। ভাঙাপুল থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খালে সীমানাদেয়াল নেই।
ভাঙাপুল থেকে খালের পাড় ধরে যেতে যেতে মধ্যম চাক্তাই এলাকায় দেখা যায়, বিভিন্ন দোকান ও বাড়ির বর্ধিতাংশ চাক্তাই খালের ভেতরে। মামুন এন্টারপ্রাইজ নামে দোকানটির একটি অংশ খালের ভেতরে। নীল কৃষ্ণ মজুমদার নামের আড়তের পেছনের রান্নাঘরটিও খালের মধ্যে। ওই আড়তের পরিচালক বাদল পাল বলেন, ‘রান্নাঘরটি খালের ভেতর। যদি বলে তাহলে তা ভেঙে ফেলব।’ তবে এরপর নতুন চাক্তাই এলাকায় খাল অবার বেশ চওড়া। এখানে পণ্যবাহী তিনটি নৌযান নোঙ্গর করে রাখা হয়েছে।
চাক্তাই অংশে খালের সীমানাদেয়াল না থাকায় সেখানে দখলদারও বেশি বলে জানান চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন। তিনি প্রথম আলোকে বলেন, খালের ওই অংশ তুলনামূলক সরু।
সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসন চাক্তাই খালের অবৈধ দখলদারদের একটি তালিকা করেছে। এতে ৪৮ জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে।
খাল দখলদারদের বিষয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চাক্তাই খালের অবৈধ দখলদারদের নিয়ে কোনো তালিকা জেলা প্রশাসন করেছে কি না, তা তাঁর জানা নেই। সিটি করপোরেশনের কোনো স্থাপনা খালের ওপর থাকলে জরিপ করে তা অপসারণ করা হবে।