চট্টগ্রামের 'বর্ষা' যাচ্ছে রংপুর

বোন নোভাকে ছেড়ে চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহী বর্ষা রংপুরের উদ্দেশে গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম ছেড়েছে। বর্ষার পরিবর্তে রংপুর চিড়িয়াখানা থেকে চট্টগ্রানে আনা হবে একটি পুরুষ সিংহ।
চট্টগ্রামে পুরুষ সিংহ এবং রংপুরে মেয়ে সিংহ না থাকায় দুই চিড়িয়াখানা কর্তৃপক্ষ পারস্পরিক এই প্রাণী বিনিময় চুক্তি করে। এর অংশ হিসেবে গতকাল পড়ন্ত বিকেলে একটি মিনি ট্রাকে করে বর্ষাকে রংপুরে পাঠানো হয়।
বর্ষা চলে যাওয়ায় চট্টগ্রামে তার বোন নোভা একা হয়ে পড়েছে। তবে তিন-চার দিনের মধ্যেই তাকে সঙ্গ দেওয়ার জন্য রংপুর থেকে ১০ বছর বয়সী একটি পুরুষ সিংহ এসে পৌঁছাবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
চিড়িয়াখানার কিউরেটর মো. মনজুর মোরশেদ বলেন, ‘বর্ষাকে নিয়ে আমরা কয়েকজন রংপুর চিড়িয়াখানায় যাচ্ছি। সেখান থেকে তিন-চার দিনের মধ্যে একটি পুরুষ সিংহ নিয়ে ফিরব। ওদের মেয়ে সিংহ ছিল না। আর আমাদের পুরুষ সিংহের অভাব ছিল। তাই এই বিনিময়প্রথা।’
বর্ষার যাত্রাপথের জন্য পর্যাপ্ত খাবার নেওয়া হয়েছে বলে জানান তিনি। আজ সোমবার সকাল নাগাদ তাঁদের রংপুর পৌঁছানোর কথা রয়েছে।
চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্ষা ও নোভার জন্ম ২০০৫ সালের ১৬ জুন। সিংহ দম্পতি রাজ-লক্ষ্মীর এই দুই মেয়ে সিংহ এত দিন এখানে একসঙ্গে বড় হয়েছে। দুই সিংহ শাবকের জন্মের পরপরই পুরুষ সিংহ রাজ মারা যায়। ২০০৮ সালে মারা যায় মা লক্ষ্মী।