চতুর্থ গ্রেডের কর্মকর্তা রেলের মহাব্যবস্থাপক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের দুই অঞ্চলের দুজন মহাব্যবস্থাপক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। রেলওয়ের প্রশাসনিক কাঠামো অনুযায়ী মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ পেতে হলে ন্যূনতম দ্বিতীয় গ্রেডের (সেকেন্ড গ্রেড) কর্মকর্তা হতে হয়। ওই পদমর্যাদার কর্মকর্তা পাওয়া না গেলে তৃতীয় গ্রেডের কর্মকর্তাকে চলতি দায়িত্বে মহাব্যবস্থাপক করা যায়। রেলওয়ে সূত্র জানায়, সারা দেশের রেল যোগাযোগকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যমুনা নদীর উত্তর পারের এলাকা পূর্বাঞ্চল এবং দক্ষিণ পারের এলাকা পশ্চিমাঞ্চল বলে পরিচিত। পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক হিসেবে গত ৬ ফেব্রুয়ারি চতুর্থ গ্রেডের কর্মকর্তা আমজাদ হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১ ফেব্রুয়ারি তিনি পঞ্চম গ্রেড থেকে পদোন্নতি পান।পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হিসেবে গত ১০ জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন চতুর্থ গ্রেডের কর্মকর্তা ইউসুফ আলী মৃধা। গত বছরের মাঝামাঝি তিনি পঞ্চম গ্রেড থেকে চতুর্থ গ্রেডে পদোন্নতি পান। দুজনের একজনও এখনো তৃতীয় গ্রেডে পদোন্নতি পাননি। জানা গেছে, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক হওয়ার মতো তৃতীয় গ্রেডের কর্মকর্তা রেল প্রশাসনে রয়েছেন। কিন্তু পূর্ব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক নিয়োগ দিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দপ্তর থেকে যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। বরং দপ্তর থেকে এঁদের তুলনায় নিম্নতর গ্রেডের দুই কর্মকর্তার নাম প্রস্তাব দেওয়া হয়। সেই অনুযায়ী মন্ত্রণালয় রেলের দুই অঞ্চলের মহাব্যবস্থাপক নিয়োগ দেয়।রেলওয়ের মহাব্যবস্থাপক মো. তহিদুল আনোয়ার চৌধুরী প্রথম আলোর কাছে দাবি করেন, মহাব্যবস্থাপক করার মতো দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা রেল প্রশাসনে নেই। তাই চতুর্থ গ্রেডের কর্মকর্তাকে মহাব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়। যাঁরা মহাব্যবস্থাপক হয়েছেন, তাঁরা তৃতীয় গ্রেড না পেলেও চাকরিতে জ্যেষ্ঠ।তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের বাদ দিয়ে কেন চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের নাম প্রস্তাব করা হলো—জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘একজন তৃতীয় গ্রেডের কর্মকর্তাকে মহাব্যবস্থাপক পদমর্যাদার উপমহাপরিচালক (ডিডিজি) করার জন্য আমি মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছি। ওই কর্মকর্তা পশ্চিমাঞ্চলে তাঁর কর্মস্থলেও ঠিকমতো উপস্থিত থাকেন না। মহাব্যবস্থাপক করি কী করে?’মন্ত্রণালয় সূত্র জানায়, চাকরিবিধি অনুযায়ী দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের মধ্য থেকে রেলের মহাপরিচালক করা হয়। অতীতে এভাবেই নিয়োগ দেওয়া হতো। সর্বশেষ মহাপরিচালক নিয়োগের সময় হাবিব আহমেদ ও মো. নুরুল আমিন নামের দুই কর্মকর্তা ছিলেন। তাঁরা মো. তহিদুল আনোয়ারের তুলনায় জ্যেষ্ঠ ছিলেন। কিন্তু চাকরির স্থায়িত্বে কনিষ্ঠ কর্মকর্তা তহিদুল মহাপরিচালকের পদে নিয়োগ পান। কারণ তহিদুল ছিলেন দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা। কিন্তু হাবিব ও নুরুল আমিন ছিলেন তৃতীয় গ্রেডের কর্মকর্তা।