চতুর্থ দফা উদ্বোধন, এবার সেই ভবন জরুরি বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একবার-দুবার নয়, তিন-তিনবার উদ্বোধন হয়েছিল ভবনটির। কিন্তু কার্যক্রম শুরু হচ্ছিল না। ফটক থেকে শুরু করে ভবনের কলাপসিবল গেট সব সময় তালাবদ্ধ থাকত। প্রাঙ্গণ ফাঁকা থাকায় অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন গাড়ি পার্কিংয়ে ব্যবহৃত হতো। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ ভবনের ছিল এমনই অবস্থা।

এভাবে প্রায় এক দশকেরও বেশি সময় পর এবার সর্বশেষ পর্যায়ে চতুর্থ দফা উদ্বোধন হয়েছে। তবে এবার আইসিইউ ভবন হিসেবে নয়, হাসপাতালের নতুন জরুরি বিভাগ হিসেবে গত মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক উদ্বোধন করেছেন। গত বুধবার থেকে সেই ভবনে স্থানান্তরিত হয়ে শুরু হয়েছে জরুরি বিভাগের কার্যক্রম।

হাসপাতালের জরুরি বিভাগের পেছনে ত্রিকোণ আকৃতির আলাদা পরিসরের ভবনটি ‘আইসিইউ ও ক্যাজুয়ালিটি ইউনিট’ নামে পরিচিত। তিনতলা ভবনটি ৬ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে।

হাসপাতাল প্রশাসন সূত্র জানায়, শীতাতপনিয়ন্ত্রিত সুরম্য এ ভবনটির প্রথম দফা উদ্বোধন হয়েছিল ২০০৬ সালের ৮ অক্টোবর। উদ্বোধন করেছিলেন তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান। ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দ্বিতীয় দফায় উদ্বোধন করেছিলেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ২৭ ডিসেম্বর হাসপাতাল পরিদর্শনে এলে তৃতীয় দফায় ফের উদ্বোধন হয়েছিল এ ভবন।

তিন দফায় উদ্বোধনের পরও চালু না হওয়ার পেছনে কারণ ছিল, প্রতিস্থাপন করা যন্ত্রপাতি পরিচালন নিয়ে সমস্যা। লোকবল না থাকায় মূল হাসপাতালের নিচতলার একটি ওয়ার্ডে আইসিইউ ও ক্যাজুয়ালিটি ইউনিট পরিচালিত হচ্ছিল। এ নিয়ে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘তিন দফায় উদ্বোধন, তবু বন্ধ আইসিইউ ভবন’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল।

তখন সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছিল, লোকবল বরাদ্দ যাতে দ্রুত হয়, সে জন্যই সর্বশেষ পর্যায়ের উদ্বোধন হয়েছিল। উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রীও এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছিলেন।

তৃতীয় দফায় উদ্বোধনের পরও আইসিইউ ভবনের ভাগ্যবদল না হওয়ায় শেষ পর্যন্ত ভবনটি জরুরি বিভাগে রূপান্তর করে কার্যক্রম স্থানান্তর করা হয়। আইসিইউ ও ক্যাজুয়ালিটি ইউনিট ওয়ার্ডেই পরিচালিত হচ্ছে।

ভবনে জরুরি বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের পরিচালক বলেন, এখানে জরুরি বিভাগ চালু হওয়ার ফলে রোগীদের আরও ভালো সেবা দেওয়া যাবে। পরিসর বড় হওয়ায় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের সংখ্যাও বাড়ানো যাবে।

১৯৩৬ সালে একটি ইনস্টিটিউট থেকে মেডিকেল স্কুল, পরে ১৯৬২ সালে মেডিকেল কলেজে রূপান্তর হয়ে যাত্রা শুরু হাসপাতালের। ১৯৭৮ সালে নগরের কাজলশাহ এলাকায় ২৫ একর জায়গা অধিগ্রহণের পর এমএজি ওসমানী মেডিকেল কলেজ নামকরণ হয়। তখন হাসপাতালের শয্যাসংখ্যা ছিল ৫০০। ১৯৯৮ সালে ৯০০ শয্যায় রূপান্তর করা হয়। এরপর থেকে আর শয্যাসংখ্যা বাড়েনি।

বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও জরুরি বিভাগের তথ্য মতে, সিলেট বিভাগের সবচেয়ে বড় এ হাসপাতালে গড়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২ হাজার ১০০। এর মধ্যে বহির্বিভাগে গড়ে প্রতিদিন রোগীর সংখ্যা ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ২০০। ভর্তি ছাড়া জরুরি বিভাগে প্রতিদিন সেবা নেন প্রায় ৭০০ জন।