চতুর্থ দফায় ঘাটের দরপত্র স্থগিত
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের ছয়টি ঘাটের ইজারার দরপত্র চতুর্থবারের মতো স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দরপত্র গ্রহণের সময় নির্ধারিত থাকলেও এর শেষ মুহূর্তে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের কার্যালয়ে নোটিশ টানিয়ে কার্যক্রম স্থগিত করা হয়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক কাজী ওয়াকিল নেওয়াজ প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দরপত্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ছয় ঘাটের শুল্ক ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত আদায়ের জন্য দরপত্র আহ্বান করা হয়। এরই মধ্যে ঘাটগুলোর ইজারার দরপত্র তিনবার আহ্বান করে দরপত্র শিডিউল জমা দেওয়ার আগ মুহূর্তে বাতিল করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এগুলো হলো নারায়ণগঞ্জ নদীবন্দরের নারায়ণগঞ্জ ঘাট (চারারগোপ), টানবাজার কালেকশন বাইট ও বন্দর ফেরিঘাট, কেরোসিন ঘাট-নিতাইগঞ্জ ঘাট, নারায়ণগঞ্জ ঘাট (সার ঘাট), নারায়ণগঞ্জ ঘাট (মাছ ঘাট), মেঘনা নদীর উত্তর-পশ্চিম পাড়ে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার থেকে মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের দক্ষিণ সীমানা পর্যন্ত ঘাট।
অনিতা ট্রেডার্সের স্বত্বাধিকারী শেখ সবুজ রানা অভিযোগ করেন, বিনা দরপত্রে বিশেষ কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে ঘাটগুলো ইজারা পাইয়ে দেওয়ার জন্যই চতুর্থবারের মতো দরপত্র জমা স্থগিত করা হয়েছে।