চতুর্থ দিনে আরও ৯২টি বিলবোর্ড অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা চার দিন ধরে চলা অভিযানে ছোট-বড় মিলিয়ে মোট ১৮৮টি বিলবোর্ড অপসারণ করা হয়েছে। চতুর্থ দিনে গত রোববার রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত আট ঘণ্টায় চট্টগ্রাম নগরে ৯২টি বিলবোর্ড অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। তাঁর সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও ছিলেন।
রোববার রাতে নগরের দেওয়ানহাট, চৌমুহনী, টাইগারপাস, জিইসি মোড়, বায়েজিদ ও অক্সিজেন মোড় এলাকাগুলোতে বিলবোর্ড অপসারণ করা হয়।
অভিযানে নগর পুলিশের সদস্য ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশন জানায়, দিনের বেলায় যানজট এড়াতে রাতে বিলবোর্ড অপসারণের কার্যক্রম চালানো হচ্ছে।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, রোববার রাতে অভিযান চালিয়ে নগরের ছয়টি এলাকা থেকে ছোট-বড় ৯২টি বিলবোর্ড অপসারণ করা হয়েছে।