চতুর্থ ধাপে সিলেটে বিএনপি এগিয়ে
চতুর্থ ধাপে সিলেটের দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার ২৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। আগের তিন ধাপে সুবিধাজনক অবস্থানে না থাকা বিএনপি এবার ঘুরে দাঁড়িয়েছে। এই ধাপে ২৪ ইউপির মধ্যে নয়টিতে বিএনপি এবং সাতটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন। এর বাইরে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জামায়াত-সমর্থিত তিন প্রার্থী জয়ী হয়েছেন।
ইউপি নির্বাচনে আওয়ামী লীগের খারাপ ও বিএনপির ফলাফল ভালো হওয়ার কারণ রাজনীতিবিদ ও ভোটাররা নানাভাবে বিশ্লেষণ করেছেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক আ.লীগের তৃণমূল পর্যায়ের চার কর্মী জানান, প্রায় ইউপিতে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃস্থানীয়দের ভুল ছিল। এ কারণে আ.লীগদলীয় প্রার্থীদের ভরাডুবি এবং বিএনপিদলীয় প্রার্থীদের সাফল্য এসেছে।
তবে ‘প্রশাসন নিরপেক্ষ ছিল’ বলে চতুর্থ দফায় বিএনপি ভালো ফল করেছে বলে মনে করছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘অন্যবারের চেয়ে এবার তুলনামূলকভাবে সিলেটের স্থানীয় প্রশাসন নিরপেক্ষ ছিল। এ জন্য বিএনপির পক্ষে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। এ ছাড়া আগের চেয়ে এখন দলের সমর্থক ও কর্মীরা সুসংগঠিতও ছিল। যেসব সমন্বয়হীনতা দলে ছিল, সেটাও কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এ কারণে ভালো ফলাফল হয়েছে।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে তিন ধাপে নির্বাচনে সিলেটের ৩৬ ইউপির মধ্যে আওয়ামী লীগ ১২টি ও বিএনপি ৭টিতে জয়ী হয়। এর মধ্যে প্রথম ধাপে আট ইউপির মধ্যে আওয়ামী লীগ দুটি, বিএনপি দুটি; দ্বিতীয় ধাপে ১৩ ইউপির আওয়ামী লীগ চার ও বিএনপি দুই এবং তৃতীয় ধাপের ১৫ ইউপিতে আওয়ামী লীগ ছয় ও বিএনপি তিনটিতে জয়ী হয়।
চতুর্থ ধাপের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আওয়ামী লীগের তিন ও বিএনপির দুজন বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী বলেন, আগের তিন ধাপের তুলনায় চতুর্থ ধাপে বিদ্রোহী প্রার্থীদের আধিক্য ছিল বেশি। এতে করে অনেক ইউপিতেই দলের ভোট ভাগাভাগি হয়ে গেছে। এ কারণেই ফলাফল এমন হয়েছে।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমা উপজেলার সাত ইউনিয়নের মধ্যে তিনটিতে বিএনপি এবং দুটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটি ইউনিয়নে জামায়াত-সমর্থিত দুজন বিজয়ী হয়েছেন। বিএনপির বিজয়ী প্রার্থীরা হচ্ছেন বরইকান্দিতে হাবিব হোসেন, কুচাইয়ে আবুল কালাম ও দাউদপুরে এইচ এম খলিল।
আওয়ামী লীগের বিজয়ী দুই চেয়ারম্যান হচ্ছেন সিলাম ইউপিতে ইকরাম হোসেন এবং মোগলাবাজার ইউপিতে ফখরুল ইসলাম। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত জামায়াত-সমর্থিত দুই চেয়ারম্যান হলেন জালালপুর ইউপিতে সুলাইমান হোসেন এবং লালাবাজার ইউপিতে পীর মো. ফয়জুল হক।
বিশ্বনাথ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে দুটি করে ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। এর বাইরে দুটি দলেরই একজন করে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। উপজেলার দৌলতপুর ইউপিতে আমির আলী এবং রামপাশা ইউপিতে আলমগীর হোসেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয় পেয়েছেন। বিশ্বনাথ সদর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ফয়জুল হক বিজয়ী হয়েছেন।বিএনপির বিজয়ী প্রার্থীরা হচ্ছেন খাজাঞ্চি ইউপিতে গিয়াস উদ্দিন এবং লামাকাজী ইউপিতে কবির হোসেন। অলংকারী ইউপিতে নাজমুল ইসলাম বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় পেয়েছেন।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে চারটিতে বিএনপি এবং তিনটিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে গোলাপগঞ্জের সদরে আশফাক আহমদ চৌধুরী, ফুলবাড়িতে মাহবুবুর রহমান, লক্ষ্মণাবন্দে নাছিরুল হক শাহীন এবং ভাদেশ্বরে জিলাল উদ্দিন বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। বাঘায় ছানা মিয়া বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিজয়ী তিন প্রার্থী হচ্ছেন বাদেপাশা ইউপিতে মোস্তাক আহমদ, পশ্চিম আমুড়ায় মঈন উদ্দিন এবং শরীফগঞ্জে এম এ মুহিত হীরা। এ ছাড়া লক্ষ্মীপাশা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কবির আহমদ ও বুধবারীবাজার ইউপিতে মো. মস্তাব উদ্দিন জয়লাভ করেছেন। ঢাকা দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর নেতা শেখ মো. আবদুর রহিম জয়ী হয়েছেন।