চতুর্থ ধাপে ৯২ উপজেলা পরিষদে নির্বাচন ২৩ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন চতুর্থ ধাপে ৯২টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ২৩ মার্চ। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৩ ফেব্রুয়ারি রোববার, মনোনয়নপত্র বাছাই হবে ২৬ ফেব্রুয়ারি বুধবার এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ বৃহস্পতিবার।
এ সময় সিইসি বলেন, প্রার্থীরা যাতে আচরণবিধি মেনে চলেন, সে ব্যাপারে মাঠ কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারও বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ভোট গ্রহণের দিন এবং তার আগে ও পরের দুই দিন মিলিয়ে মোট পাঁচ দিন নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েন থাকবে।
চতুর্থ ধাপে যে ৯২ উপজেলায় নির্বাচন: উপজেলাগুলো হলো: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ; দিনাজপুরের বোচাগঞ্জ ও ফুলবাড়ী; জয়পুরহাটের পাঁচবিবি; বগুড়ার গাবতলী; রাজশাহীর তানোর, পুঠিয়া ও বাগমারা; নাটোরের বড়াইগ্রাম; সিরাজগঞ্জের চৌহালী; পাবনার ঈশ্বরদী ও ফরিদপুর; নড়াইল সদর; কুষ্টিয়ার দৌলতপুর; চুয়াডাঙ্গার জীবননগর; ঝিনাইদহের হরিণাকুণ্ডু; যশোরের সদর ও কেশবপুর; বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাট; খুলনার ফুলতলা, তেরখাদা, রূপসা, বটিয়াঘাটা ও দাকোপ; সাতক্ষীরার কলারোয়া; বরগুনার বেতাগী; পটুয়াখালীর সদর, গলাচিপা, মির্জাগঞ্জ, বাউফল ও দুমকি; ভোলার তজুমুদ্দিন, মনপুরা ও দৌলতখান; বরিশালের আগৈলঝড়া, উজিরপুর ও বানারীপাড়া; ঝালকাঠির সদর, কাঁঠালিয়া, রাজাপুর ও নলছিটি; পিরোজপুরের সদর, জিয়ানগর, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া; টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর, নাগরপুর ও মধুপুর; শেরপুরের সদর ও নালিতাবাড়ী; ময়মনসিংহের হালুয়াঘাট; নেত্রকোনার মদন; কিশোরগঞ্জের ভৈরব, ইটনা, কটিয়াদী, মিঠামইন ও তাড়াইল; মুন্সিগঞ্জের গজারিয়া; গাজীপুরের কালিয়াকৈর; সুনামগঞ্জের শাল্লা, জগন্নাথপুর ও ধরমপাশা; সিলেটের সদর ও কানাইঘাট; মৌলভীবাজারের সদর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল; হবিগঞ্জের সদর, আজমেরীগঞ্জ, লাখাই ও নবীগঞ্জ; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নাসিরনগর; কুমিল্লার মেঘনা ও বরুড়া; চাঁদপুরের শাহরাস্তি; ফেনীর সোনাগাজী ও ফুলগাজী; নোয়াখালীর বেগমগঞ্জ; চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বোয়ালখালী ও সাতকানিয়া; কক্সবাজারের রামু ও কুতুবদিয়া; রাঙামাটির জুড়াছড়ি এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি।
প্রথম ধাপের ৯৮টি উপজেলার মধ্যে ৯৭টিতে ১৯ ফেব্রুয়ারি ও একটিতে ২৪ ফেব্রুয়ারি, দ্বিতীয় ধাপে ১১৭টি উপজেলায় ২৭ ফেব্রুয়ারি এবং তৃতীয় ধাপে ৮৩টি উপজেলায় ১৫ মার্চ ভোট গ্রহণ করা হবে।
টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচন ২৩ মার্চ: নির্বাচন কমিশন গতকাল জাতীয় সংসদের টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী এ উপনির্বাচনে ভোট গ্রহণ হবে ২৩ মার্চ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৩ ফেব্রুয়ারি রোববার, মনোনয়নপত্র বাছাই ২৬ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ।
২০ জানুয়ারি আওয়ামী লীগের সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিইসি জানান, এই উপনির্বাচনে সেনা মোতায়েন করা হবে।