চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ২৩ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। এদিন সারা দেশের ৯২ উপজেলায় ভোট গ্রহণ হবে। এসব উপজেলায় ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র তোলা যাবে, মনোনয়নপত্র বাছাই হবে ২৬ ফেব্রুয়ারি। প্রার্থীরা তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন ৬ মার্চ। এ ছাড়া আগামী ২৩ মার্চ টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার বিকলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

২৩ মার্চ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের বোচাগঞ্জ ও ফুলবাড়ী, জয়পুরহাটের পাঁচবিবি, বগুড়ার গাবতলী, রাজশাহীর তানোর, পুঠিয়া ও বাগমারা, নাটোরের বড়াইগ্রাম, সিরাজগঞ্জের চৌহালী, পাবনার ঈশ্বরদী ও ফরিদপুর, নড়াইল সদর, কুষ্টিয়ার দৌলতপুর, চুয়াডাঙ্গার জীবননগর, ঝিনাইদহের হরিণাকুণ্ডু, যশোরের সদর ও কেশবপুর, বাগেরহাটের চিতলমারী ও মোল্লাহাট, খুলনার ফুলতলা, তেরখাদা, রূপসা, বটিয়াঘাটা ও দাকোপ, সাতক্ষীরার কলারোয়া, বরগুনার বেতাগী, পটুয়াখালীর সদর, গলাচিপা, মির্জাগঞ্জ, বাউফল ও দুমকী, ভোলার তজুমুদ্দিন, মনপুরা ও দৌলতখান, বরিশালের আগৈলঝাড়া, উজিরপুর ও বানারীপাড়া, ঝালকাঠির সদর, কাঁঠালিয়া, রাজাপুর ও নলছিটি, পিরোজপুরের সদর, জিয়ানগর, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া, টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর, নাগরপুর ও মধুপুর, শেরপুরের সদর ও নালিতাবাড়ী, ময়মনসিংহের হালুয়াঘাট, নেত্রকোনার মদন, কিশোরগঞ্জের ভৈরব, ইটনা, কটিয়াদী, মিঠামইন ও তাড়াইল, মুন্সিগঞ্জের গজারিয়া, গাজীপুরের কালিয়াকৈর, সুনামগঞ্জের শাল্লা, জগন্নাথপুর ও ধর্মপাশা, সিলেটের সদর ও কানাইঘাট, মৌলভীবাজারের সদর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল, হবিগঞ্জের সদর, আজমেরীগঞ্জ, লাখাই ও নবীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নাছিরনগর, কুমিল্লার মেঘনা ও বরুড়া, চাঁদপুরের শাহরাস্তি, ফেনীর সোনাগাজী ও ফুলগাজী, নোয়াখালীর বেগমগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বোয়ালখালী ও সাতকানিয়া, কক্সবাজারের রামু ও কুতুবদিয়া, রাঙামাটির জুড়াছড়ি এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভোট গ্রহণ হবে।

তফসিল অনুযায়ী প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারি ৯৭টি উপজেলায় নির্বাচনের জন্য ভোট গ্রহণ হবে। এরপর ২৪ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি। তৃতীয় ধাপে ৮৩টি উপজেলায় ভোট গ্রহণ হবে ১৫ মার্চ।

টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচন ২৩ মার্চ

আজ সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ২৩ মার্চ এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র তোলা যাবে, মনোনয়নপত্র বাছাই হবে ২৬ ফেব্রুয়ারি। উপনির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন ৬ মার্চ।

গত ২০ জানুয়ারি ক্ষমতাসীন দলের সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে আসনটি শূন্য হয়।