চতুর্থ বর্ষে এসে তৃতীয় বর্ষের পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে ২০০৯-১০ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের একটি কোর্সের পরীক্ষা চতুর্থ বর্ষে এসে নেওয়া হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। তৃতীয় বর্ষের অন্য সব পরীক্ষা যথাসময়ে নেওয়া হলেও একটি বাদ রয়ে যায়। প্রায় এক বছর পর গত বুধবার ২৫ নম্বরের ওই পরীক্ষা নেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা গত বছরের মাঝামাঝি শেষ হয়। এরপর ১১ মাস পেরিয়ে গেছে। কিন্তু ফলাফল প্রকাশিত হয়নি। সম্প্রতি ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হলেও টেব্যুলেশন শিট তৈরির সময় পরীক্ষা কমিটি দেখে, ৩১৫ নম্বর কোর্সের ২৫ নম্বরের ‘মাঠ পর্যবেক্ষণ’ পরীক্ষাই নেওয়া হয়নি। এ জন্য গত মঙ্গলবার পরীক্ষাটি গ্রহণের নোটিশ দেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, হঠাৎ করে মাঠ পর্যবেক্ষণ পরীক্ষার জন্য বিভাগ থেকে চাপ দেওয়া হয়। এ ছাড়া বেলা তিনটার মধ্যে প্রতিবেদনও জমা দিতে বলা হয়। এত কম সময়ে তাঁরা ভালোভাবে কাজটা করতে পারেননি।