১৬ দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুধু চতুর্থ বর্ষের যন্ত্রকৌশল বিভাগের ক্লাস শুরু হয়েছে। অন্যান্য বর্ষ এবং বিভাগের ক্লাস ও পরীক্ষা ধাপে ধাপে শুরুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।প্রশাসন সূত্রে জানা যায়, এবার শিক্ষার্থীদের পর্যায়ক্রমে তিনটি ধাপে শিক্ষাকার্যক্রম শুরু হবে। প্রথম বর্ষের (০৯ ব্যাচ) শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। তাঁদের জন্য হল খুলে দেওয়া হবে ২২ ফেব্রুয়ারি সকাল নয়টায়। দ্বিতীয় (০৮ ব্যাচ) এবং তৃতীয় (০৭ ব্যাচ) বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। তাঁদের জন্য হল খুলে দেওয়া হবে ২৭ ফেব্রয়ারি সকাল নয়টায়।ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সহিংসতা এড়াতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের আমরা কিছুদিন পরপর হলে ঢুকতে দিচ্ছি।’ বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীদের মূল ফটক, হলের ফটক, বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষক, হল প্রাধ্যক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চাওয়ামাত্র আইডি কার্ড দেখাতে বলা হয়েছে। এ জন্য শিক্ষার্থীদের সব সময় আইডি কার্ড সঙ্গে রাখতে বলা হয়েছে। ক্যাম্পাসে সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, ব্যানার-পোস্টার লাগানো ও দেয়াল লিখন নিষিদ্ধ করা হয়েছে।