জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের ছাত্র মো. শফিকুল ইসলামকে গত শনিবার থাপড় মেরেছেন প্রথম বর্ষের ছাত্র ছাত্রলীগের কর্মী সিদ্দিকুর রহমান। এ ঘটনায় শফিকুল প্রক্টরের কাছে গতকাল লিখিত অভিযোগ দিয়েছেন । প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে আ ফ ম কামাল উদ্দিন হলের ১৩০ নম্বর কক্ষে পড়াশোনা করছিলেন ইতিহাস বিভাগের ৩৮তম ব্যাচের (চতুর্থ বর্ষ) শিক্ষার্থী শফিকুল। এ সময় ইংরেজি বিভাগের ৪১তম ব্যাচের (প্রথম বর্ষ) ছাত্র ছাত্রলীগের কর্মী সিদ্দিকুর ওই কক্ষের দরজায় কড়া নাড়েন। শফিকুল দরজা খুলতে দেরি করায় সিদ্দিকুর তাঁকে অকথ্য ভাষায় গালাগাল দেন এবং থাপড় মারতে থাকেন। এ ঘটনায় শফিকুল গতকাল সকালে সিদ্দিকুরের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে বেলা ১১টার দিকে একই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী। পরে তাঁরা উপাচার্যের কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ করতে থাকলে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির আশ্বাস দেন। এ সময় শিক্ষার্থীরা চলে যান। মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কোনো কারণ ছাড়াই সিদ্দিকুর গালাগাল শুরু করলে আমি প্রতিবাদ করি। একপর্যায়ে আমাকে তুই বলে সম্বোধন করলে আমি ৩৮তম ব্যাচের ছাত্র বলে নিজের পরিচয় দিই। এতে সিদ্দিকুর ক্ষিপ্ত হয়ে “তুই সিনিয়র হয়েছিস, তো কী হয়েছে” বলে মারতে থাকেন।’ সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি তাঁকে চিনতে পারিনি। কথা-কাটাকাটির একপর্যায়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে।’ ভারপ্রাপ্ত প্রক্টর সুকল্যাণ কুমার কুন্ডু প্রথম আলোকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’