চতুর্থ শ্রেণীতে উঠলেই বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের হাওরবেষ্টিত গ্রাম চলিতাবাড়ি। প্রত্যন্ত অঞ্চলের গ্রামটির মেয়েরা পড়াশোনা করে পাশের একটি বিদ্যালয়ে। তবে চতুর্থ শ্রেণীতে উঠলে অনেকেরই স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। পরে খবর পাওয়া যায়, ‘ভালো ছেলে’ পেয়ে অভিভাবক তাদের বিয়ে দিয়ে দিয়েছেন।সরেজমিনে খোঁজ নিয়ে এবং স্থানীয় বাসিন্দা, বিদ্যালয়ের শিক্ষক ও বেসরকারি সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। শুধু চলিতাবাড়ি নয়; নন্দিরগাঁও ইউনিয়নের বাইমারপার, জলুরমুখসহ আশপাশের সব গ্রামের চিত্র একই। যেখানে ১৮ বছর না হলে মেয়েদের বিয়ে নিষিদ্ধ, সেখানে ১১ না পেরোতেই বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে তাদের। এতে করে প্রাথমিকের গণ্ডি না পেরোতেই স্কুল থেকে ঝরে পড়ছে মেয়েরা। আবার কিশোরী বয়সেই মা হয়ে মা-সন্তান উভয়ই অপুষ্টির শিকার হচ্ছে; বাড়ছে মৃত্যুঝুঁকি।স্থানীয় জলুরমুখ আবাদি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, তাঁদের বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে মেয়েই বেশি। তবে শিক্ষকেরা অভিযোগ করেন, অধিকাংশ অভিভাবকই মেয়ে চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে উঠলে তাকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে যান।বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম জানান, ডিসেম্বর মাসে নাসিমা খাতুন নামের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রী বেশ কয়েক দিন অনুপস্থিত থাকায় তাঁরা তার বাড়িতে (হোম-ভিজিট) যান। সেখানে গিয়ে জানতে পারেন, মেয়েটির বিয়ে হয়ে গেছে। অনেক অভিভাবক অঙ্গীকার করেন, মেয়েকে বাল্য বয়সে বিয়ে দেবেন না। তবে পরে লুকিয়ে বিয়ে দিয়ে দেন। বাল্যবিবাহই বিদ্যালয়ের ছাত্রী ঝরে পড়ার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, নাসিমা চলিতাবাড়ি গ্রামের সাবিবুর রহমানের মেয়ে। ১০ ডিসেম্বর তাকে বিয়ে দেন অভিভাবকেরা। বিদ্যালয়ের নথিপত্র অনুযায়ী, বিয়ের সময় তার বয়স ছিল ১১ বছর। নাসিমার মা আয়েশা আক্তার বলেন, তাঁদের গ্রামে কম বয়সে বিয়ে দেওয়াই ‘নিয়ম’। তাঁর নিজেরও বিয়ে হয়েছে ১২ বছর বয়সে। এর কিছুদিন আগে একই গ্রামের দিলারা বেগমের বিয়ে হয়। সে-ও তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। দিলারার বাবা সুরুজ মিয়ার বক্তব্য, ‘ভালো ছেলে পেয়েছি, বিয়ে দিয়েছি। এ নিয়ে এত কথা কেন?’চলিতাবাড়ি গ্রামে সরেজমিনে গিয়ে একাধিক মায়ের সঙ্গে আলাপ করে জানা যায়, ১২ বছর পেরিয়ে গেলে মেয়েদের ঘরে রাখা ‘পাপ’ বলে মনে করেন তাঁরা। এ নিয়ে সমাজেও হেয় হতে হয়। তাই যে পরিবার যত আগে মেয়ের বিয়ে দিতে পারে, সমাজে সেই পরিবারের ‘সমঞ্চান’ তত বেশি। প্রতিবছর এ রকম অনেক কিশোরীকে তথাকথিত পরিবারের সম্মান রক্ষার বলি হতে হচ্ছে। স্থানীয় একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা জালাল আহমদ বলেন, ‘আমরা স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও জনপ্রতিনিধিদের নিয়ে অভিভাবকদের বুঝিয়ে বাল্যবিবাহ বন্ধ করার চেষ্টা করি। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সুযোগ পেলেই তাঁরা বিয়ে দিয়ে দেন।’গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হাওরাঞ্চলে বাল্যবিবাহ হয়। এটা অস্বীকার করার উপায় নেই। তবে বাল্যবিবাহের খবর পেলে আমরা প্রশাসনের সহযোগিতায় বন্ধ করার ব্যবস্থা নিই। এবার এর পাশাপাশি অভিভাবকদের সচেতন করার জন্য গ্রামে গ্রামে প্রচার-প্রচারণা চালানো হবে।’