রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী সমিতির তিন নেতার বদলির আদেশ হলেও তাঁরা বদলি হতে রাজি নন। তাই তাঁরা ধর্মঘট ডেকে হাসপাতাল অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন। গত মঙ্গলবার দুই ঘণ্টার কর্মবিরতির হুমকিতে হাসপাতাল কর্তৃপক্ষ বিপাকে পড়ে। শেষমেশ হাসপাতালের পরিচালক বাধ্য হয়ে বদলির আদেশ প্রত্যাহার করে ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে জরুরি ফ্যাক্সবার্তা পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি আনিছুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান ও সদস্য আলতাফ মিয়াকে বদলির জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত ২২ জুলাই একটি আদেশ আসে। এই আদেশ প্রত্যাহারের দাবিতে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা গত মঙ্গলবার হাসপাতালের পরিচালকের কার্যালয় ঘেরাও করে দুই ঘণ্টার কর্মবিরতিও পালন করেন তাঁরা। কর্মচারীরা তিন নেতার বদলির আদেশের জন্য পরিচালককে দায়ী করেন।হাসপাতালের একটি সূত্র জানায়, চতুর্থ শ্রেণীর কর্মচারীরা হাসপাতালের ওষুধ চুরিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। বদলির আদেশ হলেই তাঁরা ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচির ডাক দেন। সূত্র আরও জানায়, হাসপাতালের ষষ্ঠ তলায় দরপত্রের মাধ্যমে একটি ক্যান্টিন করা হয়েছে। দরপত্রের শর্ত ছিল ওই ক্যান্টিন স্থাপনে হাসপাতালের ভেতরে আর কোনো হোটেল-রেস্তোরাঁ করা যাবে না। কিন্তু হাসপাতাল চত্বরে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অবৈধভাবে একটি রেস্তোরাঁ গড়ে তোলেন। এই বিষয়টি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরো বিষয়টি হাসপাতালের পরিচালক স্বাস্থ্য অধিদপ্তরে জানালে গত ২২ জুলাই তিন নেতার বদলির আদেশ হয়। আনিছুল হক দাবি করেন, ষষ্ঠ তলার ক্যান্টিনকে পরিচালকের অনুমতি নিয়ে তাঁরা রেস্তোরাঁ করেছেন। তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের বদলি করা হয়েছে। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তোফাজ্জল হোসেন বলেন, কর্মচারী ইউনিয়ন নেতাদের বদলির আদেশ এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। এক প্রশ্নের জবাবে তোফাজ্জল হোসেন বলেন, ‘বদলির আদেশ প্রত্যাহারের জন্য আমাকে ঘেরাও করা হলে বাধ্য হয়ে আদেশ প্রত্যাহারের জন্য ফ্যাক্সবার্তা পাঠিয়েছি।’