ঢাকার ধামরাই উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়সহ উপজেলার সব কটি ইউনিয়নের ভূমি কার্যালয়ে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিজ দায়িত্বের পাশাপাশি নৈশপ্রহরীর দায়িত্ব পালন বাধ্যতামূলক করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সহিদুজ্জামান গত বৃহস্পতিবার এ আদেশ জারি করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চতুর্থ শ্রেণীর সব কর্মচারীকে (এমএলএসএস ও চেইনম্যান) অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালাক্রমে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করার আদেশ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে ওই কার্যালয়ে কোনো দুর্ঘটনা ঘটলে দায়িত্ব পালনকারী কর্মচারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার থেকে ওই আদেশ কার্যকর হয়। নাম প্রকাশ না করা শর্তে, একাধিক কর্মচারী প্রথম আলোকে বলেন, এই আদেশ পাওয়ার পর তাঁদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে বদলি ও সাময়িক বরখাস্ত হওয়ার ভয়ে কেউ এর প্রতিবাদ করছেন না। সহকারী কমিশনার (ভূমি) সহিদুজ্জামান বলেন, উপজেলা ভূমি কার্যালয়সহ ছয়টি ইউনিয়ন ভূমি কার্যালয়ে নৈশপ্রহরীর কোনো পদ নেই। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের এই দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা হোসেন বলেন, ভূমি কার্যালয়গুলোতে অনেক মূল্যবান কাগজপত্র থাকে। এসব কাগজপত্র রক্ষার স্বার্থেই এই আদেশ দেওয়া হয়েছে।