জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের (জেওসিএল) চতুর্থ শ্রেণীর এক কর্মচারীর ঘন ঘন ভারত সফর নিয়ে প্রশ্ন ওঠায় তাঁর আয়ের উৎস জানতে চেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ ব্যাপারে যমুনা অয়েল কোম্পানি কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি খতিয়ে দেখে তা জানাতে বলেছে বিপিসি।যমুনা অয়েল কোম্পানির এই কর্মচারীর নাম মোহাম্মদ ওমর ফারুক। তিনি স্বীকার করেছেন, এ পর্যন্ত তিনি নয়বার ভারত সফর করেছেন। এ বছর আবার যাওয়ার জন্য আগামী ১ জুলাই থেকে ১৫ দিনের ছুটির আবেদন করেছেন। যমুনা ছাড়াও পদ্মা ও মেঘনা নামের আরও দুটি তেল বিপণন প্রতিষ্ঠান রয়েছে দেশে। বিদেশ সফরের জন্য এসব তেল বিপণন প্রতিষ্ঠানের কর্মচারীদের বিপিসির কাছ থেকে অনুমতি নিতে হয়। ওমর ফারুকের ভারত সফর উপলক্ষে ছুটির আবেদনের পরিপ্রেক্ষিতে বিপিসির সচিব এ বি এম আজাদ ১৩ জুন যমুনা অয়েল কোম্পানি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন।বিপিসির সচিব আজাদের সই করা চিঠিতে বলা হয়, জেওসিএলের পিওন মোহাম্মদ ফারুক গত বছরের ৩ থেকে ১৪ জুলাই পর্যন্ত মোট ১২ দিনের বহিঃ বাংলাদেশ ছুটি নিয়ে ভারত ভ্রমণ করেন। বর্তমানে আজমির শরিফ জিয়ারতের উদ্দেশ্যে আবার ভারতে যাওয়ার জন্য তিনি আগামী ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত মোট ১৫ দিনের ছুটির আবেদন করেন। একজন নিম্নবেতনভুক্ত কর্মচারী হওয়া সত্ত্বেও এত অল্প সময়ের ব্যবধানে বিদেশ ভ্রমণের বিষয়ে প্রশ্ন উঠেছে। এ কারণে তাঁর আয়ের উৎস সম্পর্কে সংস্থাকে (বিপিসি) অবহিত করার জন্য অনুরোধ করা হলো।জানতে চাইলে সচিব এ বি এম আজাদ প্রথম আলোকে বলেন, ‘যমুনা অয়েল কোম্পানির একজন কর্মচারী হয়ে তাঁর (ওমর ফারুক) ঘন ঘন বিদেশ সফর নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ফারুক আজমির শরিফ জিয়ারত করতে যাবেন বলে উল্লেখ করেছেন। একবার বিদেশ সফর করলে অনেক টাকা খরচ হয়। কিন্তু ফারুকের আয়ের উৎস সম্পর্কে জানতে চেয়ে আমরা তাঁর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। কারণ, বেতনের সঙ্গে তাঁর বিদেশ সফরের খরচের সামঞ্জস্য আছে কি না, সেটা যাচাই করে দেখতে হবে।’যমুনা অয়েল কোম্পানি সূত্র জানায়, ২০১০ সালের ১৯ মে ওমর ফারুকের চাকরি স্থায়ী হয়। এর আগে প্রায় ১১ বছর তিনি নৈমিত্তিক শ্রমিক হিসেবে কাজ করেন। বর্তমানে তাঁর মাসিক বেতন ১০ হাজার টাকা বলে জানা গেছে।জানতে চাইলে ওমর ফারুক বলেন, ‘আমি আগেও নয়বার ভারতে গিয়েছি। অসুস্থ বলে চিকিৎসার জন্য আমাকে ভারতে যেতে হয়। এবারও চিকিৎসকের পরামর্শে আমাকে যেতে হচ্ছে।’ভারত সফরের খরচের উৎস সম্পর্কে জানতে চাইলে ওমর ফারুক বলেন, ‘আমি কোম্পানি থেকে ৩৬ হাজার টাকা ঋণ নিয়েছি। পাঁচ শতাংশ লভ্যাংশও পেয়েছি। তবে আগে নয়বার ভারত সফর উপলক্ষে আত্মীয়দের কাছ থেকে টাকা নিয়েছিলাম। এখন আত্মীয়রা আমাকে টাকা দিচ্ছে না। তাই ঋণ নিতে হয়েছে।’বিপিসির সচিব এ বি এম আজাদ বলেন, ‘ওমর ফারুক চিকিৎসা করাবেন বলে কোনো কাগজপত্র দাখিল করেননি। আর বিদেশ সফরের জন্য কাউকে ঋণ দেওয়া হয় না। ব্যক্তিগত উন্নয়নের জন্য সরকারের কর্মীরা ঋণ পেয়ে থাকেন।’যমুনা অয়েল কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।