চতুর্থ শ্রেণীর ছাত্র নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়া না পারায় কান ধরে ৪০০ বার ওঠবস ও দেয়ালে অঙ্কনের অভিযোগে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মো. রনিকে নির্যাতন করায় সে অসুস্থ হয়ে পড়েছে। তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শিক্ষার্থী ও অভিভাবকের অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিদ্যালয় চলাকালে দেয়ালে রঙের কাজ চলছিল। ওই সময় রনি দেয়ালে আঁকাআঁকি করায় সহকারী শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহববুর রহমান ক্ষিপ্ত হয়ে রনিকে খেজুরের ডাল দিয়ে মারধর করেন। এরপর ইংরেজি ক্লাসে পড়া না পারার অভিযোগে আরেক শিক্ষক নাছিমা আখতার তাকে কান ধরে ৪০০ বার ওঠবস করান। রনির বাবা মো. ছানা অভিযোগ করেন, ‘মঙ্গলবার নির্যাতনের পর আমার সন্তানের গায়ে সারা রাত জ্বর ছিল। ঘুমাতে পারেনি, শুধু কেঁদেছে। অবশেষে গতকাল সকালে হাসপাতালে ভর্তি করেছি। তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।’স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক শিরিন বেগম বলেন, শিশুটি দুর্বল এবং প্রচণ্ড ভয় পেয়েছে। তার শরীরে ব্যথা আছে। গতকাল বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, চতুর্থ শ্রেণীর ছাত্রী মনিরা আখতারের মা শিল্পী আখতার প্রধান শিক্ষক জাহানারা বেগমের কাছে তাঁর মেয়েকে কান ধরে ওঠবস করার বিষয়ে অভিযোগ করছেন। একই শ্রেণীর রিয়া, কামরুল, একরাম ও সোভাকেও একই শাস্তি দেওয়া হয়েছে।ছাত্রী মিনারা আখতার বলে, পড়া না পারায় তাদের পাঁচ-ছয়জনকে কান ধরে ওঠবস করতে বলে ম্যাডাম অন্যদিকে ক্লাস নেন। পুরো ঘণ্টা তারা ওঠবস করেছে।শিক্ষক নাছিমা আখতার বলেন, ‘ছাত্রছাত্রীদের পড়াশোনা হয়নি, তাই ওদের বলছি তোমাদের শাস্তি কী হবে? ওরা নিজ ইচ্ছায় কান ধরে ওঠবস করেছে। তবে ৪০০ বার নয়, আরও কম হবে।’ শিক্ষক মাহববুর রহমান বলেন, ‘বিদ্যালয়ে নতুন রঙের কাজ চলছে, রনি দেয়াল নোংরা করছিল, দুই-একটি চড়-থাপড় মেরেছি কি না স্মরণ নাই।’উপজেলা শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।’