চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলায় অর্পিতা দাস (১৩) নামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামে ওই ছাত্রীর বাড়ির পাশের ডোবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। দুর্বৃত্তরা ধর্ষণের পর তাঁকে হত্যা করেছে বলে পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা ধারণা করছে।

ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওমর ফারুক জানান, গুয়াবাড়িয়া গ্রামের বাসিন্দা স্বপন দাসের মেয়ে অর্পিতা স্থানীয় গুয়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ত। শুক্রবার সে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। এরপর এলাকাবাসী ও অর্পিতার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে অর্পিতার বাড়ির পাশেই একটি ডোবায় তাঁর লাশ পাওয়া যায়।

ওমর ফারুক বলেন, উদ্ধারের সময় শিশুটির দুই কানের লতি ছেঁড়া এবং মুখ ও গোপনাঙ্গে আঘাতের চিহ্ন দেখতে পান তাঁরা।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক মোল্লা জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটিকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।