চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলায় গত বুধবার চতুর্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। দূরসম্পর্কের এক ভগ্নিপতি তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই ছাত্রীর পরিবার জানায়, বুধবার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের আবদুল মজিদ ও তাঁর স্ত্রী শিউলি রানীনগর উপজেলায় খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে আসেন। ওই বাড়িতে জায়গা না থাকায় রাতে এক প্রতিবেশীর বাড়িতে মজিদ ও শিউলিকে ঘুমানোর জন্য পাঠানো হয়। এ সময় তাঁরা খালার ১০ বছর বয়সী মেয়ে ওই স্কুলছাত্রীকে তাঁদের সঙ্গে নিয়ে যান। রাতে মজিদ তাঁর স্ত্রী শিউলির সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণ করেন। পরে ওই ছাত্রীকে ফেলে রেখে তাঁরা পালিয়ে যান। সকালে ওই প্রতিবেশী স্কুলছাত্রীর মাকে তাঁর বাড়িতে ডেকে আনেন। এ সময় সেখানে এসে তিনি তাঁর মেয়েকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে শিশুর মা অভিযোগ করেন, ‘ওই রাতে আমার ভাগনি ও ভাগনি জামাই জেদ করে আমার মেয়েকে একসঙ্গে ঘুমানোর কথা বলে নিয়ে যায়। রাতে আমার ভাগনির সহযোগিতায় জামাই মজিদ আমার মেয়েকে ধর্ষণ করে।’
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহাফুজুর রহমান জানান, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং সে এখন শঙ্কামুক্ত। রানীনগর থানার ওসি আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, মেয়েটির চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে থাকায় অভিভাবকেরা এখনো মামলা করেননি। তবে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
আমাদের আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি জানান, আক্কেলপুর পৌর সদরের রাজকান্দা গ্রামের এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গত বুধবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৫ অক্টোবর সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পাশে বাগানে গেলে একই গ্রামের আফজাল হোসেন (৪২) ওই গৃহবধূকে ধর্ষণ করেন। আক্কেলপুর থানার ওসি রেজাউস সাদিক জানান, আফজাল পলাতক, তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।