ভাড়া কম দেওয়ায় পিকআপ ভ্যানের এক হেলপার ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীপড়ুয়া এক ছাত্রীকে গতকাল মঙ্গলবার মেরে আহত করেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা দুপুরে বিক্ষোভ করে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে।শিক্ষক ও সহপাঠীদের সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া এলাকার কাহেদ গ্রামের মৃত শামছুল হকের মেয়ে ইসরাত জাহান। প্রতিদিনের মতো গতকাল সকালেও পিকআপ ভ্যানে করে বিদ্যালয়ে আসার সময় গাড়িটির হেলপার কম ভাড়া দেওয়ার অভিযোগে তাকে মারধর করেন। ইসরাত জানায়, প্রতিদিনের মতো গতকালও সে হেলপারকে ১০ টাকা ভাড়া দেয়।কিন্তু হেলপার ২০ টাকা দাবি করেন। তার কাছে আর টাকা নেই বললে হেলপার খেপে গিয়ে তাকে বেধড়ক মারধর করেন। ভ্যানের অন্য যাত্রীরা হেলপারকে নিবৃত্ত করার চেষ্টা করেও পারেনি। তারপর তাকে মাঝপথে হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় নামিয়ে পিকআপ ভ্যানটি নিয়ে চলে যান চালক ও হেলপার।স্কুলের প্রধান শিক্ষক শামীম আরা জানান, আহত অবস্থায় স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে বিদ্যালয়ে পৌঁছে দেয়। পরে তার কাছ থেকে পুরো ঘটনা শুনে এ অমানবিক কর্মকাণ্ডের প্রতিবাদে তাঁরা মিছিল করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর তিনি লিখিত অভিযোগ দেন। আহত ছাত্রীর মা সুটিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমা বেগম তাঁর মেয়ের ওপর পিকআপ ভ্যানের হেলপারের এমন অমানবিক আচরণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।জাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, হেলপারের এমন আচরণের প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা দুপুরে ঈশ্বরগঞ্জ-সুটিয়া সড়কে মিছিল করার পর থেকে এ পথে পিকআপ ভ্যান চলাচল বন্ধ রয়েছে। ইউএনও তাহমিনা আক্তার জানান, ছাত্রীটির ওপর হেলপারের অমানবিক আচরণ খুবই দুঃখজনক। এ ঘটনায় জড়িত হেলপার ও চালককে খুঁজে বের করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।