চতুর্থ স্ত্রীর মুখে ঢেলে দেওয়া হলো এসিড!
যৌতুকের দাবি মেটাতে না পারায় রাবেয়া বেগম (১৯) নামের এক গৃহবধূর মুখে স্বামী এসিড ঢেলে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ বর্তমানে ঢাকার এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) হাসপাতালে চিকিৎসাধীন। ২ সেপ্টেম্বর কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।গৃহবধূর বাবা মুরাদনগরের কুলুবাড়ি গ্রামের শাহজাহান মিয়া বাদী হয়ে ৩ সেপ্টেম্বর দেবীদ্বার থানায় মামলা করেন। এর পরপরই আসামিপক্ষের লোকজন গা-ঢাকা দেয়। তিন মাস আগে দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামের আবদুল জলিলের ছেলে মো. খোকন মিয়ার (৩০) সঙ্গে রাবেয়ার বিয়ে হয়। এটি ছিল খোকন মিয়ার চতুর্থ বিয়ে। তাঁর বিরুদ্ধে প্রথম স্ত্রীকেও বিয়ের এক সপ্তাহের মাথায় যৌতুকের দাবিতে মারধর করে বাবার বাড়িতে পাঠানোর অভিযোগ রয়েছে।রাবেয়ার মুখে এসিড ঢেলে দেওয়ার প্রতিবাদে গত রোববার সন্ধ্যায় কুমিল্লার এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি শহরের ছোটরা এলাকায় এক প্রতিবাদ সভা করে। সভায় অবিলম্বে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।রাবেয়ার চাচা মো. ইউনুস মিয়া অভিযোগ করেন, বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রাবেয়াকে দুই লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। টাকা দিতে না পারায় ২ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে রাবেয়াকে প্রথমে মারধর করা হয়। এরপর স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা মিলে তাঁর মুখে এসিড ঢেলে দেন। প্রথমে তাঁকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ওই হাসপাতালের মহিলা ওয়ার্ডের ৩৪১ নম্বর শয্যার সামনের বারান্দায় থেকে রাবেয়া চিকিৎসা নেন। সেখানেও স্বামীর বাড়ির লোকজন হুমকি দেয় তাঁকে। একপর্যায়ে ভয়ে হাসপাতাল ছেড়ে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় রাবেয়াকে।এদিকে কুমিল্লার বেসরকারি সংস্থা এইড কুমিল্লা ও এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি খবর পেয়ে গত রোববার রাবেয়া বেগমকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠায়। রাবেয়া বর্তমানে এএসএফ হাসপাতালের চিকিৎসক পলাশ কর্মকারের অধীনে চিকিৎসা নিচ্ছেন।জানতে চাইলে চিকিৎসক পলাশ কর্মকার গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘রাবেয়াকে এসিড খাইয়ে দেওয়া হয়েছে। আমরা এখন তাঁর পরীক্ষা-নিরীক্ষা করছি। ক্ষত সারতে সময় লাগবে। তিনি এখন কথা বলতে পারছেন না। পরীক্ষা-নিরীক্ষার পর কী পরিমাণ ক্ষত হয়েছে তা জানা যাবে।’রাবেয়ার মা সেতারা বেগম জানান, বিয়ের সময় ৫০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও আসবাব দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বিয়ের তিন মাস যেতে না-যেতেই তারা আরও দুই লাখ টাকা দাবি করে। ওই টাকার কারণেই আমার মেয়ের মুখে এসিড ঢেলে দেওয়া হয়। রাবেয়ার মুখে এসিড ঢেলে দেওয়ার পর তার জিহ্বা, কণ্ঠনালি, চিবুক পুড়ে যায়। তিনি আরও দাবি করেন, এত বড় ঘটনার পরও তাঁর স্বামী ও শ্বশুর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে রাবেয়ার গলার চেইন ও কানের দুল খুলে নিয়ে গেছেন।রাবেয়া বেগম কাগজে লিখে জানান, ‘যখন আমার স্বামী মারধর করত, তখন আমাকে এমন অবস্থায় রাখত (ছাপার অযোগ্য), যেন আমি ঘর থেকে বের হতে না পারি বা কেউ আমাকে সহযোগিতা করতে না পারে।’খোকন মিয়ার মামা নসু মিয়া বলেন, ‘খোকন যৌতুকের লোভে পরপর চারটি মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে। এখন তার শাস্তি প্রাপ্য।’ দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত খোকন মিয়া ব্যাটারি ব্যবসায়ী। তিনি মেয়েটিকে অমানবিক নির্যাতন করতেন। এ ব্যাপারে রাবেয়ার বাবা এসিড নিক্ষেপ ও নারী নির্যাতন আইনে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’চার বিয়ে করেছেন খোকন মিয়াদেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফজর আলী জানান, খোকন মিয়া রাবেয়াকে ছাড়া আরও তিনটি বিয়ে করেছেন। প্রথম বিয়ে করেন মুরাদনগরের দৌলতপুর গ্রামের আনু মিয়ার মেয়ে শিল্পী আক্তারকে। শিল্পীর বড় ভাই আমিনুল হক বলেন, ‘বিয়ের এক সপ্তাহ পর যৌতুকের জন্য মারধর করে আমার বোনকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় খোকন। এ ব্যাপারে খোকনের বিরুদ্ধে মামলাও করেছি।’