চতুর্থবারের মতো জোড়া জাহাজ রপ্তানি করল ওয়েস্টার্ন মেরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির গ্রোনা শিপিং কোম্পানির কাছে দুটি সমুদ্রগামী জাহাজ রপ্তানি করেছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। গতকাল বুধবার চট্টগ্রামের বোট ক্লাবের বলরুমে এক অনুষ্ঠানে গ্রোনা শিপিং কোম্পানির কাছে জাহাজের প্রতিকৃতি তুলে দেন ওয়েস্টার্ন মেরিনের কর্মকর্তারা।‘এমস ওয়াটার’ ও ‘এমস ফ্লো’ নামের এই দুটি জাহাজের মূল্য প্রায় ২০০ কোটি টাকা। এই দুটি নিয়ে এ পর্যন্ত গ্রোনা শিপিং কোম্পানির কাছে মোট আটটি জাহাজ রপ্তানি করল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ‘জাহাজ নির্মাণশিল্পে বাংলাদেশের ইতিহাস অনেক পুরোনো। মাঝখানে এই ঐতিহ্য আমরা হারিয়েছিলাম। এখন আবার শুরু হয়েছে। এই খাতের জন্য ২০০ কোটি টাকার তহবিল রয়েছে, যেখান থেকে কম সুদে জাহাজ মালিকেরা ঋণ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এই তহবিল আরও বাড়বে।’অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশীষ বোস, ডাচ রাষ্ট্রদূত আলপন্স হেনিক্যানস, জার্মান ডেপুটি হেড অব মিশন র‌্যাল্ফ রিউস, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, গ্রোনা শিপিং কোম্পানির প্রতিনিধি মার্কু ভেডর, প্রজেক্ট পরিকল্পনা সমন্বয়কারী ইস্ট উইন্ড জার্মানির লারস ব্রেনেকি, জার্মানশিয়র লয়েডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাসুদ করিম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন বক্তব্য দেন।প্রসঙ্গত, জার্মানির কোম্পানিটির কাছে প্রায় ৯৬০ কোটি টাকা মূল্যের মোট ১২টি জাহাজ রপ্তানির চুক্তি করেছিল ওয়েস্টার্ন মেরিন। সেই চুক্তি অনুযায়ী এই দুটি জাহাজ রপ্তানি হচ্ছে।ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কর্মকর্তারা জানান, প্রায় ১০০ মিটার লম্বা এবং পাঁচ হাজার ২০০ টন ধারণক্ষমতার প্রতিটি জাহাজ হিমশীতল ও প্রতিকূল পরিবেশে চলাচলে সক্ষম। প্রতিটি জাহাজের গতি ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল।