ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন দুজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো দুই সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হলো।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কে এম মোজাম্মেল হককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) প্রকল্পের পরিচালকের দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) অশোক মাধব রায়কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সচিবেরও দায়িত্ব পালন করছেন।
নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তৎকালীন নির্বাচন কমিশনের অপারগতা এবং পরে মহামান্য হাইকোর্টের মামলার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
বর্তমানে উত্তর সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োজিত আছেন মোহাম্মদ মাহমুদ রেজা খান ও দক্ষিণ সিটি করপোরেশনে আছেন নজরুল ইসলাম। আইন অনুযায়ী সিটি করপোরেশনে ১৮০ দিনের বেশি প্রশাসক দায়িত্ব পালন করতে পারবেন না। সে অনুযায়ী আজ বৃহস্পতিবার তাঁদের প্রত্যাহার করা হবে।
সূত্র জানায়, নতুন কাউকে নিয়োগ না দিয়ে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন ব্যক্তিদের যুক্তি হচ্ছে যেকোনো সময় ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তাই ১৮০ দিনের জন্য অন্য কাউকে নিয়োগ না দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরই এ দায়িত্ব দেওয়া হয়েছে।
জানতে চাইলে স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহীদ খান গতকাল প্রথম আলোকে বলেন, সরকার যে নির্বাচন করতে চায়, নির্বাচন করার ব্যাপারে অত্যন্ত আন্তরিক তা অতিরিক্ত সচিবদের এ দায়িত্ব দেওয়ার মাধ্যমে প্রমাণ হলো।
২০১১ সালের ডিসেম্বরে ঢাকা সিটি করপোরেশনকে ভেঙে দুই ভাগ করার পর দুই সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করে সরকার। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসক হন সরকারের অতিরিক্ত সচিব খলিলুর রহমান এবং উত্তরে নিয়োগ পান খোরশেদ আলম চৌধুরী। প্রথম সিদ্ধান্ত অনুযায়ী বিভক্ত দুই সিটি করপোরেশনের নির্বাচন বিভক্ত হওয়ার ৯০ দিনের মধ্যে আয়োজন করার কথা থাকলেও পরে আইন সংশোধন করে ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে প্রশাসকদের মেয়াদও ১৮০ দিন করা হয়।