চন্দন-ইব্রাহিম হত্যার বিচার শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় দায়ের করা একটি মামলায় (আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায়) বিচার শুরু হচ্ছে কাল সোমবার। কাল নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলার প্রধান আসামি নূর হোসেন ও র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে হাজির করা হবে।

অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও চার সহযোগীকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজিরার ধার্য তারিখ রয়েছে। ওই মামলাটিও বিচার প্রক্রিয়া শুরুর জন্য জেলা ও দায়রা জজ আদালতে বদলি হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান।
কেএম ফজলুর রহমান বলেন, ৭ খুনের একটি মামলার বিচার শুরু হচ্ছে কাল থেকে। অন্য মামলাটিও কাল বিচারিক আদালতে বদলি হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একটিসহ মোট দুটি মামলা দায়ের করেন ফতুল্লা মডেল থানায়। দীর্ঘ প্রায় এক বছর তদন্ত শেষে মামলার তদন্তকারী সংস্থা নূর হোসেন, র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে একটি মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি তার দায়ের করা মামলায় এজাহারভুক্ত ৫ আসামিকে বাদ দেওয়ায় এবং প্রধান আসামি নূর হোসেনের জবানবন্দি ছাড়া অভিযোগপত্র দেওয়ায় তা প্রত্যাখ্যান করে না রাজি পিটিশন দাখিল করলে প্রথমে বিচারিক হাকিম আদালত ও পরে জেলা ও দায়রা জজ আদালত তা খারিজ করে দেন। বর্তমানে হাইকোর্টের একটি বেঞ্চে সেলিনা ইসলাম বিউটির অধিকতর তদন্ত চেয়ে করা আবেদনের শুনানি চলছে। ওই মামলায় নূর হোসেন ও র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জন কারাগারে আটক রয়েছে।