চন্দন কুমারকে জীবিত উদ্ধারের দাবি আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ থেকে অপহূত আইনজীবী চন্দন কুমার সরকারকে অবিলম্বে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবীরা। গতকাল মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বার কাউন্সিল ও গণতান্ত্রিক আইনজীবী সমিতি এ দাবি জানায়।
বাংলাদেশ বার কাউন্সিল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, হত্যা, গুম ও অপহরণের আতঙ্কে দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। কারও জীবনের কোনো নিরাপত্তা নেই। অথচ সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুমের দায় এড়িয়ে বলছে, তারা কিছুই জানে না। তিনি বলেন, ‘কিছু জানি না’ বলে দায় এড়ানো যাবে না। সারা দেশে অপহরণ ও গুমের ঘটনা উদ্ঘাটনে সরকারকেই দায়িত্ব নিতে হবে। অন্যথায় দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।
পরে ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। এতে চন্দন কুমার সরকারকে অবিলম্বে উদ্ধার করার জোর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সমিতির কেন্দ্রীয় সভাপতি আবদুল কুদ্দুস ও সুপ্রিম কোর্ট শাখার সভাপতি শেখ আখতারুল ইসলাম বক্তব্য দেন।