চন্দন সরকার ও তাঁর চালককে হত্যা মামলার বিচার আজ শুরু
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলার একটির (আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায়) বিচার শুরু হচ্ছে আজ সোমবার। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলার প্রধান আসামি নূর হোসেন ও রযাা বের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে হাজির করা হবে।
অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ চারজনকে হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলামের দায়ের করা মামলায় আজ নারায়ণগঞ্জ বিচারিক হাকিম আদালতে আসামিদের হাজির করার দিন আজ। এই মামলাটিও বিচার প্রক্রিয়া শুরুর জন্য জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে এম ফজলুর রহমান।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নজরুল ও তাঁর চার সহযোগী হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা একটি এবং আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালককে হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।