চন্দনটিলা গিললেই ওঁরাওরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শহরতলির বালুচর এলাকার চন্দনটিলা কেটে তৈরি করা হয়েছে প্লট, বাড়ি-ঘর। এখন টিলার বাকি অংশও কেটে ফেলা হচ্ছে। এতে ঘরবাড়ি হারানোর হুমকিতে পড়েছেন আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের লোকজন,  ছবি: প্রথম আলো
সিলেট শহরতলির বালুচর এলাকার চন্দনটিলা কেটে তৈরি করা হয়েছে প্লট, বাড়ি-ঘর। এখন টিলার বাকি অংশও কেটে ফেলা হচ্ছে। এতে ঘরবাড়ি হারানোর হুমকিতে পড়েছেন আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের লোকজন, ছবি: প্রথম আলো

আদিবাসী ওঁরাওদের রীতি অনুযায়ী কারও মৃত্যুর পর শেষকৃত্য হয় টিলা এলাকায়। সিলেট শহরতলির বালুচর এলাকায় বসবাসরত ওঁরাওদের শেষকৃত্যে ব্যবহূত টিলার নাম চন্দনটিলা। সমতল থেকে ৪০-৫০ ফুট উঁচু চন্দনটিলা আঁকড়ে যেন তাদের বসবাস। কিন্তু ভূমিখেকোদের গ্রাসে অস্তিত্ব হারাতে বসেছে ওঁরাওদের শেষযাত্রার ওই টিলা।

সরেজমিনে দেখা গেছে, চন্দনটিলার যে অংশে ওঁরাওদের বসবাস, কেবল সেই অংশটি অক্ষত। বাকি তিন দিক ক্ষত-বিক্ষত। কোথাও টিলা কাটা হয়েছে। কোথাও খোঁড়াখুঁড়ি করে তৈরি করা হয়েছে স্থাপনা।

টিলার চূড়ায় উঠে প্রবীণ সমরা ওঁরাও দেখালেন চন্দনটিলার কোন কোন অংশ কেটে দখল করা হয়েছে। তিনি বলেন, ‘আমরার ঘরবাড়ি তো গেছেই, শেষ ঠিকানাটাও (চন্দনটিলা) আঁকড়ে রাখতে পারছি না। কইন তো আমরা কই গিয়া থাকি?’

সমরা ওঁরাওয়ের মতো এ প্রশ্ন ওঁরাওপল্লির সবার মুখে। তাদের চোখে-মুখে বসতবাড়ি হারানোর আতঙ্ক। কিন্তু এমন ছিল না তাদের দিন। একসময় সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়নের পুরো বালুচর এলাকায় শুধু ওঁরাদের বসবাস ছিল। নিজস্ব সংস্কৃতি অনুযায়ী ওঁরাও রাজার মাধ্যমে পরিচালিত হতো তাদের সমাজবদ্ধ বসবাস। শতাধিক পরিবারের সেই ওঁরাওদের সমাজবদ্ধ বাসকে বিপন্ন করেছে সংঘবদ্ধ একটি ভূমিখেকো চক্র। ওই চক্রের নেতৃত্বে আছেন টুলটিকর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মছব্বির।

‘সিলেট অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী’র সাংগঠনিক পর্যবেক্ষণ থেকে জানা গেছে, বালুচর এলাকায় ওঁরাওদের প্রায় ২০০ একর জমি ভূমিখেকোরা নানা ছলচাতুরী করে হাতিয়ে নিয়েছে।

সংগঠনটির সদস্যসচিব লক্ষ্মীকান্ত সিংহ জানান, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ অনুযায়ী ওঁরাওদের জমি কেনাবেচা হয় না। এ আইনের মাধ্যমে ওই সব জমি পুনরুদ্ধার ও নতুন করে দখলচেষ্টার বিরুদ্ধে আদিবাসীদের সচেতনতা তৈরির কাজ চলছে।

প্রজাস্বত্ব আইন, ওঁরাওদের জমি দখল ও চন্দনটিলা কাটার অভিযোগ সম্পর্কে সম্প্রতি আবদুল মছব্বিরের মুখোমুখি হন সাংবাদিকেরা। কথার শুরুতে মছব্বির আইন সম্পর্কে বলেন, ‘ইটা (আইন) মাত্র দুই বছর থাকি অইছে। দুই বছরের ভেতর কোনো উপজাতির জায়গা আমরা কিনছিও না, বেচছিও না। এর আগে কোনো আইন বাংলাদেশে আছিল না যে উপজাতির জায়গা বিকিকিনি হয় না।’

ওঁরাওদের অনেক জমি ছিল, অনেক মানুষ ঠকিয়ে তাঁদের জমি নিয়েছে বলে স্বীকার করেন মছব্বির। তিনি বলেন, ‘১৯৮৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ২২ কেয়ার (ছয় একর ৬০ শতক) জমি কিনছি। নয়-দশ কেয়ার বাদে সব বিক্রি করি দিছি।’

চন্দনটিলা কাটা প্রসঙ্গে মছব্বির বলেন, ‘আমি এখন কোনো টিলা কাটছি না। আমার কাছ থাকি যারা জমি কিনছিল, তারাই টিলা কাটছে।’

ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত: ওঁরাওদের জায়গা রক্ষায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাগরিক সংগঠনের নেতারা। গত সোমবার বিকেলে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় ব্রহ্মমন্দিরের সভাকক্ষে নাগরিক সংগঠন ও প্রগতিশীল রাজনৈতিক নেতাদের সমন্বয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় সিপিবি সিলেট জেলার সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, জাসদ সিলেটের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিমসহ বিভিন্ন নাগরিক সংগঠন ও আদিবাসী নেতারা বক্তব্য দেন।

সভায় ওঁরাওদের জমি-টিলা দখল ও দখলচেষ্টা ছাড়াও বালুচরের চন্দনটিলা কেটে পরিবেশ ধ্বংসের ঘটনা তদন্ত করতে পরিবেশ অধিদপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে বাপার পক্ষ থেকে আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি মুজাহিদুল ইসলাম এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। দখলচেষ্টার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলনের সঙ্গে আইনি লড়াই শুরু করতে একটি উপকমিটি গঠন করা হয়।