চন্দনতলার উচ্ছেদ হওয়া ১৪ হিন্দু পরিবারের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামে স্থায়ী পুলিশ চৌকির (ক্যাম্প) নবনির্মিত ভবন গতকাল শনিবার সকালে উদ্বোধন করা হয়েছে। স্থায়ী পুলিশ ক্যাম্প হওয়ায় ওই এলাকার উচ্ছেদ হওয়া ১৪টি হিন্দু পরিবার এবং আশপাশের গ্রামবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উচ্ছেদ হওয়া যাদব চন্দ্র সরকার নামের এক ব্যক্তি বলেন, ‘এখন আমরা নিরাপদে-নির্বিঘ্নে এলাকায় বসবাস করতে পারব। এত দিন আমরা পরিবার-পরিজন নিয়ে আতঙ্কে রাতে ঘুমাতে পারিনি।’
গতকাল সকালে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পুলিশ ক্যাম্পের ভবনটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালতলী থানার ওসি বাবুল আকতার। অনুষ্ঠানে বক্তব্য দেন তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, পঁচাকোড়ালিয়া ইউপির চেয়ারম্যান নজির হোসেন পাটোয়ারি, নিশানবাড়িয়া ইউপির চেয়ারম্যান দুলাল ফরাজি প্রমুখ।
পুলিশ সুপার বিজয় বসাক বলেন, ‘জেলা ও পুলিশ প্রশাসন এবং এলাকার লোকজনের ব্যক্তিগত সহায়তায় প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয়ে আমরা একতলা এই ভবনটি নির্মাণ করেছি। ওই পরিবারের সদস্যরাই ভবন নির্মাণের জন্য জমি দিয়েছেন। পুলিশ চৌকির জন্য স্থায়ী ভবন হওয়ায় ওই পরিবারগুলোর পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন ওই জনপদের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হবে।’
গত বছরের ১২ মার্চ রাতে স্থানীয় যুবলীগের নেতা জাকির হোসেন সরদার ও তাঁর ভাই আবদুস সালাম সরদারের নেতৃত্বে সন্ত্রাসীরা চন্দনতলা গ্রামের ১৪টি হিন্দু পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ করে তাদের ঘর-দরজা ভেঙে নিয়ে যায় এবং জমি দখলের চেষ্টা চালায়। পরে বিষয়টি জানাজানি হলে বরগুনা জেলা ও পুলিশ প্রশাসনের সহায়তায় ওই সব পরিবার বসতভিটা ফেরত পেলেও দীর্ঘদিন নিরাপত্তাহীনতায় ছিল। এ নিয়ে প্রথম আলোয় গত বছরের ৩০ মার্চ ‘১৪টি হিন্দু পরিবারকে উচ্ছেদ’ ও ৩১ মার্চ ‘১৪টি হিন্দু পরিবারকে ঘর তুলে দিচ্ছে প্রশাসন’ শিরোনামে খবর ছাপা হয়।