চন্দনবাইশা গ্রোয়েনের ২০ মিটারে ধস
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশায় গতকাল বুধবার সকালে যমুনার ভাঙন রোধে নির্মিত চন্দনবাইশা ১ নম্বর গ্রোয়েনের ২০ মিটার ধসে গেছে। এতে চন্দনবাইশাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। এলাকাবাসী জানায়, যমুনা নদীর পানি কয়েক দিন ধরে কমতে শুরু করায় এলাকার বেশ কিছু স্থানে ভাঙন শুরু হয়েছে। সেই সঙ্গে চন্দনবাইশা ১ নম্বর গ্রোয়েনের সামনে নদীর মধ্যে প্রচণ্ড স্রোত ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। গতকাল সকাল আনুমানিক নয়টার দিকে এই গ্রোয়েনের সামনের দিকের ২০ মিটার নদীতে ধসে যায়। এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গাফিলতির কারণেই এবার গ্রোয়েনে ধস দেখা দিয়েছে। এ বছর এই গ্রোয়েন সংস্কারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চন্দনবাইশা নওখিলা পিএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান রেজা বলেন, যেকোনো সময় স্কুলের স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জিয়াদুল ইসলাম জানান, পাউবো কর্মকর্তাদের উদাসীনতার কারণে সময়মতো ব্যবস্থা না নেওয়ায় গ্রোয়েনটি ভেঙে গেছে। এতে সারিয়াকান্দিসহ পাশের ধুনট এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সারিয়াকান্দির চন্দনবাইশা, ঘুঘুমারী, কামালপুর, ইছামারা, রৌহাদহ, ফকিরপাড়া গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।পাউবো বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে ১২ কোটি টাকায় গ্রোয়েনটি নির্মাণ করা হয়। নির্মাণকালে এর দৈর্ঘ্য ছিল ৩৮০ মিটার। প্রতিবছর ভাঙনের ফলে বর্তমানে এর দৈর্ঘ্য ১৫০ মিটার। দীর্ঘ ১০ বছরে গ্রোয়েনটি মেরামত ও রক্ষণাবেক্ষণকাজে আরও ২০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলাম জানান, ভাঙনস্থলে সিসি ব্লক ও বালুভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করে তা প্রতিরোধ করার চেষ্টা চলছে। আতঙ্কের কোনো কারণ নেই। বগুড়া পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরদার সিরাজুল হক, উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।