চন্দনবাইশা স্পারের আরও ১২ মিটার যমুনায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা স্পার-১-এর আরও ১২ মিটার গত শুক্রবার যমুনাগর্ভে বিলীন হয়েছে। এ কারণে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০০১ সালে ১২ কোটি টাকা ব্যয়ে চন্দনবাইশাসহ আশপাশের কয়েকটি গ্রামকে যমুনার ভাঙন থেকে রক্ষার জন্য ৩১২ মিটার দীর্ঘ চন্দনবাইশা স্পার-১ নির্মাণ করা হয়। এরপর প্রতিবছর বর্ষা মৌসুমে স্পারটি ভাঙনের শিকার হয়। ফলে ২০০১ সালের পরে দফায় দফায় স্পারটি সংস্কার করতে আরও ২০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর মধ্যে গত বছর পাঁচ কোটি টাকা ব্যয়ে এর সংস্কার করা হয়। কিন্তু ওই বছরই আরও দুই দফা ভেঙে এর দৈর্ঘ্য ১৮৫ মিটারে এসে ঠেকেছে। এরপর গত শুক্রবার স্পারটির ১২ মিটার আবার নদীগর্ভে বিলীন হয়েছে। এখন স্পার-১-এর অবশিষ্ট আছে ১৭৩ মিটার।এই স্পারের ভাটিতে অবস্থিত ১৯০ মিটার দীর্ঘ চন্দনবাইশা স্পার-২ গত বছর প্রবল স্রোতে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর চন্দনবাইশা স্পার-১ ভেঙে গেলেও এটিকে পরিত্যক্ত ঘোষণা বা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি পাউবো। তবে চলতি অর্থবছরে স্পারটি মেরামতের জন্য ঢাকা থেকে নকশা অনুমোদন করা হয়। নকশা অনুমোদনের পর এটি মেরামতের জন্য দরপত্র আহ্বান করে পরে তা স্থগিত করা হয়েছে। চন্দনবাইশার ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, স্পারটি রক্ষা করা না গেলে এ বছর চন্দনবাইশা, কামালপুর, ইছামারা, গোদাখালি, দড়িপাড়াসহ বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।কামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ‘যমুনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা চায় এলাকাবাসী। এ জন্য স্পারটির সংস্কার জরুরি হয়ে পড়েছে।’ পাউবোর উপসহকারী প্রকৌশলী কে জি মোস্তফা বলেন, ‘চন্দনবাইশা স্পার-১ মেরামতের সব প্রস্তুতি নেওয়া হলেও অর্থ বরাদ্দের অভাবে কাজ শুরু করা যায়নি। তবে স্পার রক্ষার জন্য সেখানে সিসি ব্লক ও জিও ব্যাগ ফেলা হচ্ছে।’ পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরদার সিরাজুল হক বলেন, ‘অর্থের অভাবে এ বছর স্পার-১ মেরামত করতে পারিনি। তবে এখন ভাঙন রোধ করার লক্ষ্যে সেখানে এবং স্পার-এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ ফেলা হচ্ছে। আগামী অর্থবছরে এগুলো মেরামত করা হবে।’