চন্দনবাইশা হাট যমুনায় বিলীন
যমুনা নদীতে পানি বাড়ায় বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশায় ভাঙন দেখা দিয়েছে। চন্দনবাইশা হাটের শেষ অংশটুকু গত এক সপ্তাহের ব্যবধানে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে চন্দনবাইশার আয়েশা ওসমান বালিকা উচ্চবিদ্যালয়।চন্দনবাইশা ছাড়াও বেশ কয়েকটি গ্রামে নদীভাঙন দেখা দেওয়ায় এলাকার মানুষ ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছে। গত বছর নদীভাঙনে চন্দনবাইশা ডিগ্রি কলেজ, ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত চন্দনবাইশা ইউনিয়ন পরিষদ কার্যালয়, চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমিদার প্রমথ নাথ রায় বাহাদুর প্রতিষ্ঠিত নওখিলা পিএন উচ্চবিদ্যালয় এবং চন্দনবাইশা বাজারের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।এলাকাবাসীর অভিযোগ, গত বছর চন্দনবাইশায় ভাঙনের পর সেখানে ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবো গত বছর ভেঙে যাওয়া স্থানে ভাঙন প্রতিরোধ না করে ভাঙনের অদূরে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করছে।চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ জিহাদুল ইসলাম বলেন, শুকনো মৌসুমে ভাঙন প্রতিরোধে কোনো কাজ না করায় এবার এই এলাকা পুরোটাই নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন, ভাঙন প্রতিরোধে একটি প্রস্তাবনা তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে, যা এখন অনুমোদনের অপেক্ষায় আছে। প্রকল্পটি অনুমোদিত হলে ভাঙন প্রতিরোধে কাজ করা হবে। তবে এ বছর এখানে কাজ করা হচ্ছে না।