চন্দনাইশে অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনি, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গত সোমবার দিবাগত রাতে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। মৃত ব্যক্তির নাম মফিজুর রহমান (২৩)। সিএনজি অটোরিকশা ছিনতাইকালে মফিজুর গণপিটুনির শিকার হন বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দনাইশের দেওয়ানহাট এলাকা থেকে বরকল যাওয়ার কথা বলে মনিরুজ্জামান নামের এক চালকের নম্বরবিহীন সিএনজি অটোরিকশা ভাড়া করেন তিন ব্যক্তি। অটোরিকশাটি সুচিয়া স্কুল এলাকায় পৌঁছালে তাঁরা চালককে বেধড়ক পিটিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে ভর্তি করেন। অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা মোবাইল ফোনে চর্তুদিকে জানিয়ে দেওয়ার পর বিক্ষুব্ধ জনতা পটিয়ার কচুয়াই ইউনিয়নের ফারুকীপাড়া এলাকায় তিনজন ছিনতাইকারীসহ অটোরিকশাটি ধরে ফেলে। এ সময় জনতার পিটুনিতে মফিজ নিহত হন। আহত হন মোহাম্মদ ফারুক (২২)। তাঁকে চন্দনাইশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এয়ার খান (২৫) নামে তাঁদের আরেক সহযোগী কৌশলে পালিয়ে যান।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দীন আহমেদ গণপিটুনিতে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।