চন্দনাইশে অলির বিরুদ্ধে মিছিল-সমাবেশ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গতকাল রোববার এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদের বিরুদ্ধে সমাবেশ ও ঝাড়ুমিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ।১৮ নভেম্বর স্থানীয় কাশেম মাহবুব উচ্চবিদ্যালয় মাঠে এলডিপি, গণতান্ত্রিক যুবদল ও ছাত্রদলের পৌরসভা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মহিলা সাংসদ চেমন আরা তৈয়বের বিরুদ্ধে ‘অশালীন উক্তি’ করার প্রতিবাদে ওই ঝাড়ুমিছিল ও সমাবেশ করা হয়।চন্দনাইশ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত ঝাড়ুমিছিলটি গাছবাড়িয়া সরকারি কলেজ থেকে বের হয়ে গাছবাড়িয়া খানহাট এলাকা প্রদক্ষিণ শেষে কলেজগেটে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ওয়াহিদুজ্জামান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি কাইসার উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দীন আহমদ।সমাবেশে বক্তারা অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মহিলা সাংসদ চেমন আরা তৈয়ব সম্পর্কে ‘কটূক্তিমূলক’ বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।