চন্দনাইশে গাড়ির ধাক্কায় তিন শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা পৌনে দুইটায় চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে।
আহত শিক্ষার্থীরা হলেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী শামীম আকতার (২৩) একই বর্ষের আনিকা আফরিন (২৪) ও চতুর্থ বর্ষের জয়নাব সুলতানা (২৩)।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, তাঁদের ট্রাস্ট মেডিকেল কলেজে ভর্তি করা হলে জয়নাব সুলতানাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার বেলা পৌনে দুইটার দিকে ট্রাস্ট মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনের ফুটপাতে এ তিন শিক্ষার্থী আরেক বান্ধবীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সেখানে দাঁড়ানো চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে বেপরোয়া গতিতে একটি ‘হাইস’ গাড়ি ওভারটেক করতে গিয়ে তিন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। একই সময় একজন মোটরসাইকেল আরোহী দ্রুত হাইস গাড়িটির পেছনে ধাওয়া করে চালক মোহাম্মদ ইউসুফকে (৩২) ধরে। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।