চন্দনাইশে জোট প্রার্থীর গাড়িতে হামলা, আহত ৭
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় ১৯-দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আবদুল জব্বারের গাড়িতে আজ শনিবার সকালে হামলা হয়েছে। এতে গাড়ির চালকসহ সাতজন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হাছনডণ্ডী মোহাম্মদিয়া মতিয়র রহমান সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের অদূরে সকাল ১০টার দিকে মোহাম্মদ আবদুল জব্বারের পাজেরো গাড়িতে একদল লোক হামলা চালায়। এ সময় তারা গাড়িটির সামনের ও পেছনের কাচ ভেঙে ফেলে। এতে চালকসহ সাতজন আহত হন। তাঁদেরকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহাম্মদ আবদুল জব্বারের অভিযোগ, তাঁর প্রতিপক্ষ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন তাঁকে হত্যার জন্য এ হামলা করেছে। তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে তিনি দাবি করেন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাছান প্রথম আলোকে বলেন, হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১১টি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীরা গুলি ছুড়েছে বলে ১৯-দলীয় জোটের প্রার্থী যে দাবি করেছেন, তা সঠিক নয়।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রমোদরঞ্জন বড়ুয়ার ভাষ্য, একদল হামলাকারী কেন্দ্রে প্রবেশের চেষ্টা চালায়। পুলিশের বাধায় তারা পালিয়ে যায়। ভোটকেন্দ্রের ভেতরের চিত্র স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে বলে তিনি জানান।