চন্দনাইশে ডাকাত সন্দেহে গণপিটুনি নিহত ১, আহত ২
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাত সন্দেহে স্থানীয় লোকজন গত শনিবার তিনজনকে গণপিটুনি দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। এদের মধ্যে একজন পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ব্যক্তির নাম আবদুল কুদ্দুস (৩৬)। তাঁঁর বাড়ি চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া হাজিরপাড়া গ্রামে। আহত ব্যক্তিরা হচ্ছেন একই গ্রামের মৃত কালু মিয়ার দুই ছেলে বাদশা মিয়া (৪০) ও বাচা মিয়া (৪৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার সাতবাড়িয়া থানারপাড়া গ্রামের আবু তৈয়বের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এসময় আবু তৈয়বের স্ত্রী ঘর থেকে বাইরে এসে চিৎকার শুরু করলে পাশের আলম শাহ (রহ.) এর মাজারের ওরস থেকে লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও স্থানীয়রা তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। ঘটনার পরই চন্দনাইশ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মশিউর রহমান জানান, চুরি করতে গিয়ে ওই তিনজন গণপিটুনির শিকার হয়েছেন।