চন্দনাইশে দিনমজুরের ভিটা দখল নিয়ে সন্ত্রাসী হামলা
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাসুম ফকিরপাড়ায় গতকাল রোববার এক দিনমজুরের ভিটা দখল করতে গিয়ে সন্ত্রাসী হামলায় এক কলেজছাত্রীসহ আটজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে মোহামঞ্চদ লোকমানকে (৩২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত ব্যক্তিরা হলেন: আবুল কালাম (৪৮), রুহুল আমিন (৪০), আনোয়ারা খাতুন (৩৫), কামিলা বেগম (৩৫), কলেজছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৮), খুকু মনি (১৩) ও রোকেয়া বেগম (৩৫)। জানা যায়, চন্দনাইশ পৌরসভার একই ওয়ার্ডের সুরত আলী ও আবদুল করিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী গতকাল ভোরে বন্দুক, দা, কিরিচ ও লোহার রড নিয়ে দিনমজুর আবুল কালামের ভিটায় জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করে। পরিবারের সদস্যরা ঘর নির্মাণে বাধা দিলে সন্ত্রাসীরা তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় ওই পরিবারের নারী-পুরুষসহ সাতজন গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত ব্যক্তিদের চন্দনাইশ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আবুল কালামের আত্মীয় উপজেলা যুবলীগের নেতা মোহামঞ্চদ লোকমান হাসপাতালে আহতদের দেখতে গেলে সন্ত্রাসীরা তাঁর ওপরও হামলা চালায়। এ সময় লোকমান গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনমজুর আবুল কালাম বাদী হয়ে চন্দনাইশ থানায় সাতজনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।