চন্দনাইশে দুই শতাধিক ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী বার্মা কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানসহ দুই শতাধিক ঘর পুড়ে গেছে। গত সোমবার গভীর রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, রাত দুইটার দিকে কলোনির একটি চায়ের দোকানের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া ও পটিয়া থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে একটি ওষুধের দোকান, ছয়টি আসবাবের দোকান, একটি বরফকল, সাতটি মুদি দোকান, ১২টি চায়ের দোকান ও একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানসহ দুই শতাধিক ঘর ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন।