চন্দনাইশে পাঁচটি সেতু ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার ছোট-বড় ১০টি সেতুর মধ্যে পাঁচটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব সেতুর রেলিং ভেঙে রড বের হয়ে আছে।এ ছাড়া এই মহাসড়কের চন্দনাইশের আট কিলোমিটারের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। সড়ক হয়ে পড়েছে সংকীর্ণ। ফলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার দোহাজারীর শঙ্খ সেতু, হাশিমপুরের কলঘর ও বরগুনি, কাঞ্চননগরের বাদামতল ও পাকা দোকান এলাকার সেতু জরাজীর্ণ। এর মধ্যে শঙ্খ সেতুর দুই পাশের প্রায় পুরো রেলিং ভেঙে গেছে।জানা যায়, কলঘর সেতু ২০০৫ সাল থেকে জরাজীর্ণ। গত বছর এই সেতুতে ব্যক্তিগত গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে বান্দরবানের এক প্রকৌশলী প্রাণ হারান। আহত হন তাঁর স্ত্রী। গত বৃহস্পতিবার বরগুনি এলাকার সেতু থেকে পড়ে গিয়ে এক পথচারী আহত হন। ওই সেতুগুলোর কয়েকটি অত্যন্ত অপরিসর। এগুলো দিয়ে দুটি গাড়ি পাশাপাশি চলাচল করতে পারে না।মহাসড়কের দোহাজারী, ফুলতলা, দেওয়ানহাট, কসাইপাড়া, বাগিচাহাট, কলঘর, বাদামতল ও কাঞ্চননগর এলাকায় সড়কের দুই পাশ ভেঙে সড়ক সংকীর্ণ হয়ে গেছে। কোনো কোনো এলাকায় সড়কের পাশের মাটি দেবে গেছে। এ কারণে দুটি গাড়ি একসঙ্গে চলাচল করতে কিংবা পাশ কাটাতে গেলে আটকে যায়। সৃষ্টি হয় যানজটের। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে।বাসচালক নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘মহাসড়কের চন্দনাইশ অংশে গাড়ি চালাতে খুবই ভয় লাগে। কারণ, সড়ক ছোট (অপ্রশস্ত), রয়েছে বহু বাঁক। অনেক সেতুর দুই পাশের রেলিং ভেঙে গেছে।’চট্টগ্রাম-কক্সবাজার সড়ক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা প্রথম আলোকে বলেন, চন্দনাইশের সেতুগুলোর যে অবস্থা, তাতে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।পৌরসভার মেয়র মো. আইয়ুব বলেন, ‘২০০৭ সালে সাংসদের নির্দেশে আমি লিখিতভাবে সওজের দোহাজারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে ঝুঁকিপূর্ণ সেতু মেরামতের অনুরোধ জানাই। কিন্তু এখনো মেরামত করা হচ্ছে না।’সড়ক ও জনপথ বিভাগের দোহাজারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান প্রথম আলোকে বলেন, ২০০৫ সাল থেকে পাঁচ বছর এই সড়ক উন্নয়নকাজের জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ছিল, কিন্তু ঠিকাদার কাজ করেননি। তাই সেতু ও সড়কের এই অবস্থা। বেহাল সড়ক ও ঝুঁকিপূর্ণ সেতুগুলো পর্যায়ক্রমে মেরামত করা হবে।