চন্দনাইশে পিকনিকের বাস খাদে, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর পেট্রলপাম্প এলাকায় আজ শুক্রবার সকালে পিকনিকের একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বাসটি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল।
আহত ব্যক্তিদের সবার নাম-পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। আহত যে আটজনের নাম জানা গেছে, তাঁরা হলেন মনির হোসেন (৪০), আয়েশা বেগম (২৮), মো. ইউনুস খান (৭০), আবুল হোসেন (৬০), বাচ্চু মিয়া (৭০), আল আমীন (৩০), সুস্মিতা (৮) ও হূদয় আহমেদ (২৬)।
বাসটির আহত যাত্রী হূদয় আহমেদ প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের রামগঞ্জ থানার তারাবো এলাকার ৬০ জন বাসিন্দা গতকাল রাত ১০টার দিকে ঢাকা থেকে ওই বাসটিতে চড়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। আজ সকাল সাড়ে নয়টার দিকে বাসটি চন্দনাইশের হাশিমপুর এলাকায় পৌঁছালে একটি রিকশাকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রমিজ জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালসহ আশপাশের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।